স্থানীয় খেলোয়াড়দের বিকশিত হওয়ার সুযোগ করে দিতে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে ফিফা। সব পেশাদার দলগুলোকে প্রতি ম্যাচে অন্তত একজন স্থানীয় খেলোয়াড়কে মাঠে নামাতে হবে, এমন নিয়ম চালু করার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ক্লাবগুলো সাধারণত কেনা বা বাইরের প্রতিভার ওপর নির্ভর করে। তাদের নিজেদের প্রশিক্ষিত খেলোয়াড়দের খেলার সুযোগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ফিফা।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা বলেছে, তাদের লক্ষ্য হলো ‘একটি নীতিগত বাধ্যবাধকতা নিশ্চিত করা, যেখানে ক্লাবগুলোর মূল দলে অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-২১ ক্যাটাগরির অন্তত একজন করে স্থানীয় খেলোয়াড়কে সবসময় খেলার মাঠে রাখা বাধ্যতামূলক হবে।’
জাতীয় ও আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় এই ধরনের নিয়ম বিদ্যমান নিয়মের চেয়ে আরও কঠোর হতে পারে, যেখানে প্রত্যেকটি স্কোয়াড তালিকায় নিজস্ব ও ক্লাবের প্রশিক্ষিত খেলোয়াড়ের একটি কোটা থাকবে। এই ধরনের নিয়মগুলো মূল লাইনআপ নির্বাচনে কোনো বাধ্যবাধকতা তৈরি করবে না।
চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২৫ জনের দলে ‘স্থানীয়ভাবে প্রশিক্ষিত খেলোয়াড়দের জন্য’ অন্তত আটটি জায়গা সংরক্ষিত থাকতে হবে।
চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক উয়েফার নির্ধারিত মাপকাঠি অনুযায়ী, স্থানীয়ভাবে প্রশিক্ষিত খেলোয়াড় সেই সব ১৫ থেকে ২১ বছর বয়সী, যারা অন্তত পুরো তিনটি মৌসুম একই দেশের সেই ক্লাব বা অন্য ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছে।

