চলতি আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। তার মুখোমুখি হওয়া বোলাররা তো বটেই, হতবাক ক্রিকেটের রথি-মহারথিরাও। পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক নোমান নিয়াজ তো তার ব্যাটিং তাণ্ডবকে দেখছেন অন্য চোখে। তার মতে, এই ভারতীয় ব্যাটারের ব্যাটে এআই চিপ লাগানো রয়েছে! এই মন্তব্যের পাল্টা জবাবে চুপ করে থাকেননি সূর্যবংশী।
৯ ম্যাচে ২৩৮.০৯ স্ট্রাইক রেটে ৪০০ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষে রাজস্থান রয়্যালসের এই বিস্ময়বালক। পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল ১৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে আবার তাক লাগিয়ে দিয়েছেন সূর্যবংশী। ম্যাচ শেষে ‘এআই চিপ’ মন্তব্য প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হয়।
সূর্যবংশীর এই ইনিংসের কয়েকদিন আগে নোমান কিছুটা মজাচ্ছলেই বলেছিলেন, এই ভারতীয় ব্যাটিং সেনসেশনের ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত (এআই) চিপ লাগানো আছে। সে কারণেই এত রান করছেন তিনি।
নোমান দেশটির এক ইউটিউব অনুষ্ঠানে বলেছেন, ‘একবার ভেবে দেখুন। এই ছেলেটা আসলে কে? ওর ব্যাট পরীক্ষা করা উচিত। ঠিক যেভাবে ওয়াডা (বিশ্ব ডোপ বিরোধী সংস্থা) ডোপ পরীক্ষা করে, সেভাবেই ওর ব্যাট পরীক্ষাগারে পাঠানো দরকার। মনে হয় ব্যাটে এআই চিপ লাগিয়ে খেলছে। অসাধারণ ব্যাটিং।’
তবে নোমানের কথার সুর এবং হাসি দেখে বোঝা গিয়েছে, মজার ছলেই কথাগুলো বলেছেন তিনি। সূর্যবংশীর প্রশংসা করেছেন তিনি, ‘এই বয়সে এতটা শারীরিক শক্তি সাধারণত দেখা যায় না।’
মজা করেই হোক কিংবা অভিযোগের সুরেই হোক, নোমানের ওই মন্তব্যে মুখ খুললেন সূর্যবংশী। ম্যাচ শেষে ভিডিও বার্তায় ১৫ বছর বয়সী বিস্ময়বালক বলেছেন, ‘ভগবান আমার ব্যাটে এটা লাগিয়ে দিয়েছেন। উপরওয়ালা বলেছিলেন যে তোমার ব্যাটে আমি কিছু একটা লাগিয়ে দিচ্ছি। আমি শুধু সেটারই ব্যবহার করছি।’

