শনিবার (১৬ মে) একদিনের রাষ্ট্রীয় সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে সড়কপথে চাঁদপুর পৌঁছে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। দিনভর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সফরের বিস্তারিত তথ্য জানান।
প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নদীমাতৃক এই অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখনন কাজের সূচনা করা। সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় তিনি শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন খোর্দখাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন। এরপর দুপুর পৌনে দুইটায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামে ঘোষের হাটে বিশ্বখাল পুনঃখননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক চিত্র বদলে দিতে এই প্রকল্পগুলো বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেলে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে। দুপুর আড়াইটায় সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হবেন। সেখানে নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর একই স্থানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
চাঁদপুরের উন্নয়নের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বড় প্রত্যাশা করছেন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুর জেলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড নির্মাণ, মতলব থেকে হাইমচর পর্যন্ত স্থায়ী নদী তীররক্ষা বাঁধ, মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরা হবে। এছাড়া নারী অধিকার রক্ষা ও যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের আশার কথা জানিয়েছেন।
সরকারি কর্মসূচি ও জনসভা শেষে প্রধানমন্ত্রী বিকেল পাঁচটায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা ও নেতা-কর্মীদের দিকনির্দেশনা প্রদান শেষে সন্ধ্যার দিকে তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে শহর ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

