নারী সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ভারতের মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। সাফের আগের সাত আসরের মধ্যে পাঁচটিতেই শিরোপা জিতেছে ভারতের মেয়েরা। ২০১০ থেকে ১০১৯ পর্যন্ত নারী সাফে একচেটিয়া রাজত্ব করেছে তারা। তবে ২০২২ সালে ভারতের কাছ থেকে সাফে শ্রেষ্ঠত্বের মুকুট কেড়ে নেয় বাংলাদেশ নারী দল। এরপর ২০২৪ সালের সাফ জয়ের ধারাবাহিকতা ধরে রাখে তারা। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। আজ মারগাঁওয়ের ফাইনালে ভারতকে হারাতে পারলেই টানা তৃতীয়বারের মতো নারী সাফে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তাই বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারত ষষ্ঠ শিরোপা জিতবে—সেটিই দেখার বিষয়।
টানা দুবারের চ্যাম্পিয়ন ও প্রথমবার এশিয়ান কাপে অংশ নিয়ে পরাশক্তি দলের বিপক্ষে খেলে বাংলাদেশের মেয়েরা যে প্রশংসা কুড়ায়—সেই নাম অনুযায়ী চলমান সাফে পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। গ্রুপ পর্বে মালদ্বীপকে হারালেও দুই গোল হজম করেছে বাংলাদেশ। স্কোরলাইন ছিল ৪-২। এরপর ভারত ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নারী দল। ভারতের কাছে ৩-০ গোলের হারে বাংলাদেশের মনোবল তলানিতে গিয়ে ঠেকে। যে কারণে সেমিফাইনালে প্রবল প্রতিপক্ষ হয়ে উঠে নেপাল। সেখানেও সংগ্রাম করতে হয়েছে মেয়েদের। ঋতুপর্ণা চাকমার অবিশ্বাস্য অলিম্পিক গোল আর সাগরিকার ম্যাজিকাল ফুটবলে ফাইনালের মঞ্চে উঠেছে বাংলাদেশ। অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আসা বাংলাদেশের সামনে আবার শক্তিশালী প্রতিপক্ষ ভারত। এ পর্যন্ত টুর্নামেন্টে ভারত কোনো গোল হজম করেনি। দারুণ পারফরম্যান্স দেখানো ভারতকে হারিয়ে বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন হওয়াটা খুবই কঠিন কাজ হবে। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা বললেন, ‘আমরা জানি, ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। তবে আমরা সেভাবে প্রস্তুত নিয়েছি। যে ভুল ছিল, সেগুলো শোধরেছি। আশা করি, আমরা ফাইট করব।’
টুর্নামেন্টে বাংলাদেশের চেয়ে ভারত ভালো ফুটবল খেলছে। তবে ফাইনালের আগে বাংলাদেশ ও ভারতের পারফরম্যান্সের তুলনা করতে চান না কোচ পিটার বাটলার। তিনি বলেন, ‘আমরা এখন ফাইনালের মঞ্চে আছি। আপনি যখন প্রতিদ্বন্দ্বিতার মোডে থাকবেন, তখন সুন্দর ফুটবল খেলাটা বড় বিষয় না। এটা লাইন অতিক্রম করার বিষয়। ফাইনাল, সেমিফাইনালে উঠার সাফল্যের পথে ইউরোপের সেরা দলগুলোও সেরা ফুটবল খেলতে পারে না। পরিস্থিতির মোকাবিলা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ।’ গত ম্যাচগুলোর পারফরম্যান্স ফাইনালে প্রভাব ফেলবে না বলে মনে করেন কোচ বাটলার। ফাইনাল ম্যাচ ঘিরে খুবই ইতিবাচক বাংলাদেশের এই ইংলিশ কোচ। তার মতে, আগে মেয়েরা কী করেছে, না করেছে, সেটি ফাইনালে কোনো প্রভাব ফেলবে না। দল ইতিবাচক মনোভাব নিয়ে ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ফাইনাল প্রসঙ্গে বাটলার বলেন, ‘আগামী সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাবে। আমরা যখন ভারতের কাছে হেরেছি, আগের ম্যাচের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি যদি ম্যাচটি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন, সেখানে খেলার প্রকৃত প্রতিফলন ছিল না।’
নেপালের বিপক্ষে অলিম্পিক গোল করে এখন আলোচনায় ঋতুপর্ণা। সংবাদ সম্মেলনে শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ফাইনালে ঋতুপর্ণা বিশেষ খেলোয়াড় কি না প্রশ্ন করা হলে কোচ বাটলার বলেন, ‘দলের অন্য খেলোয়াড় মারিয়া মান্দাদের তুলনায় সে বিশেষ নয়। আমার কাছে সবাই সমান। আমি সুপার স্টারদের সঙ্গে ডিল করি না। আমি দলকে বিনয়ী ও নম্র থাকতে বলি। আমরা প্রতিকূলতার মুখোমুখি হই এবং চ্যালেঞ্জ গ্রহণ করি।’
সেমিফাইনালে ধুঁকতে ধুঁকতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চায় মেয়েরা। অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘ফাইনাল ম্যাচে আমরা যেন দেশবাসী কিছু দিতে পারি, এজন্য সব ধরনের চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। নেপাল ম্যাচের পর মোমেন্টাম চেঞ্জ হয়েছে। একটা ইতিবাচক ভাইব্রেশন আছে। এটি প্রতিটি ম্যাচে খুব গুরুত্বপূর্ণ।’ ফাইনালে সেরা একাদশই নামাবেন কোচ বাটলার। দলের সব খেলোয়াড় প্রস্তুত। বাটলার জানান, ফাইনাল ম্যাচ মানেই ডু অর ডাই। তাই আক্রমণাত্মক ফুটবল খেলার মনোভাব নিয়েই মাঠে নামবে তার দল। গ্যালারিতে ভারতের অনেক দর্শক থাকলেও চাপ নিয়ে খেলবে বাংলাদেশ। এমনটাই জানালেন অধিনায়ক মারিয়া মান্দা।
সাফ চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত বাংলাদেশ-ভারত নয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দুই ম্যাচে। ছয় ম্যাচে জিতেছে ভারত। অপর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গত ২০২২ ও ২০২৪ সালের সাফে ভারতকে যথাক্রম ৩-০ ও ৩-১ গোলে হারায় বাংলাদেশ। তবে চলমান সাফে গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হারল লাল-সবুজের জার্সিধারীরা। এবার ওই হারের প্রতিশোধ ফাইনালের মঞ্চে নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ নারী দল।

