ফেনীর ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় এ প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এর আগে ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু তাকে অভ্যর্থনা জানান।
এ সময়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের , সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

