ফ্যামিলি কার্ডের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে—এমন প্রচারকে অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, গ্যাসের দাম বার বার বাড়ানো হয়নি। বরং আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কিনেও গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।
তবে এলপিজি বেসরকারি খাত আমদানি করায় এর দাম নির্ধারণে সরকারের ভূমিকা নেই বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত সদস্য নুরুন্নিসা সিদ্দিকার এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
নুরুন্নিসা সিদ্দিকা তার প্রশ্নে বলেন, ‘গ্যাস সমস্যার কারণে অনেক কল কারখানা বন্ধ হয়ে গেছে। গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বারবার। কিন্তু গ্যাস না পেয়েও বিল পরিশোধ করতে হচ্ছে। এমতাবস্থায় গৃহস্থালী গ্যাস সমস্যার সমাধানের জন্য বায়োগ্যাস প্লান্টের কোন পরিকল্পনা সরকারের আছে কি না?’
জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। আপনারা জানেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশকে অনেক বেশি দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আজকেও আমরা পারচেজ কমিটিতে অনেক বেশি দাম দিয়ে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখার জন্য এবং গৃহে সরবরাহ নিশ্চিত করতে এসব ক্ষেত্রে আমরা গ্যাসের দাম বাড়াইনি।’
এলপিজির দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় উনি বলতে চাচ্ছেন, এলপিজির দাম। এলপিজি আমরা আমদানি করি না। এটা বেসরকারি খাত আমদানি করে। বেসরকারি খাত আনে, তারা দাম নির্ধারণ করে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। সুতরাং আমরা কোনো গ্যাসের দাম বাড়াইনি।’
বায়োগ্যাস উৎপাদন ও ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রিনিউএবল এনার্জির বিষয়ে কাজ শুরু করেছি। বায়োগ্যাসের ব্যাপারেও বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। বায়োগ্যাস থেকে গ্যাস তৈরি করে আশপাশের এলাকায় সরবরাহ করা যায়, সে ব্যবস্থাও গ্রহণ করেছি।’
অপর এক প্রশ্নে জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস ও খনিজ সম্পদের অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, আমদানিনির্ভরতা কমানো এবং শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।
তিনি বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬ প্রণয়ন ও চূড়ান্ত করা হয়েছে। এর আওতায় বাংলাদেশের সমুদ্রসীমায় ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গত ২৪ মে আন্তর্জাতিক বিডিং রাউন্ড আহ্বান করা হয়েছে। এতে দরপত্র জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ।
এ সময় আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কেনার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘আমরা তেল এবং গ্যাসের দাম বাড়াই বাজারের সঙ্গে সমন্বয় করে। তারপরও আমরা গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছি। সুতরাং ফ্যামিলি কার্ডের জন্য এটা বাড়ানো হয়েছে—এটা একটা অমূলক এবং আমি বলব, অপপ্রচার।’
সরকার নিম্ন আয়ের ও অসচ্ছল জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং ভর্তুকির মাধ্যমে সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা বা ভর্তুকি প্রদানের অর্থায়নের জন্য সরাসরি গ্যাস ও তেলের দাম বৃদ্ধি করা হয়নি।’
উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭১৯ টাকা। চলতি বছরের মার্চে ১ হাজার ৩৪১ টাকা দামের একটি সিলিন্ডার নভেম্বর মাসে বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা।
দামের হিসাব বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে তা ২৫২ টাকা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৩৭ টাকায়। নভেম্বর মাসে আরও ২২৩ টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।
এর আগে মার্চে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। সে হিসাবে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দাম বেড়েছে ২৪৪ টাকা।
৯ মাসের ব্যবধানে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭১৯ টাকা বা প্রায় ৫৪ শতাংশ বেড়েছে। এতে রান্নার জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর ব্যয় আরও বেড়েছে।

