বাংলাদেশ নারী ক্রিকেটারদের কমফোর্ট জোন (পছন্দের নির্দিষ্ট গণ্ডি) থেকে বের করতে চাওয়ার প্রতিদান হিসেবে প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন সারোয়ার ইমরান। এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর তাকে সরিয়ে ডেভিড হেম্পকে নারী দলের দায়িত্ব দেয় বিসিবি। দলের ব্যর্থতার পাশাপাশি তখন ইমরানের বদমেজাজের অভিযোগও উঠেছিল।
এসব বিষয়ে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন সারোয়ার ইমরান। জ্যোতি-নাহিদাদের সাবেক এই কোচ বলছেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে যোগাযোগ করেনি। কেবল আমাকে চিঠি দিয়ে জানানো হয় যে, অস্ট্রেলিয়া সফরে আমি যাচ্ছি না। নারী দলের সঙ্গে অন্য কোনো কোচ যাবেন।’
বদমেজাজের বিষয়ে সারোয়ারের ভাষ্য, ‘নারী দলের দায়িত্ব নেওয়ার সময় মেজাজ খিটখিটে হওয়ার কারণ– আমি দেখলাম বোলিং কোচ থেকে শুরু করে স্পিন কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার ও ফিজিও সবাই খুব শান্তশিষ্ট। নারী ক্রিকেটাররা যা বলে তারা তাই শোনেন এবং এমন কমফোর্ট জোনে থেকে তাদের উন্নতি হওয়া সম্ভব নয়। ঠিক এই কারণেই আমাদের দলটি পাঁচ বছর ধরে যেমন ছিল, এখনও একই অবস্থানে রয়ে গেছে।’
সাবেক এই কোচের অভিযোগ– ‘একজন স্পিনার ৩০ বল ডেলিভারি করার পর কোচকে এসে বলে, সে আর বল করতে পারবে না এবং কোচ সেটি মেনে নিচ্ছেন। আবার একজন বা দুজন ব্যাটার সারাদিন ব্যাট করছে এবং এসব দেখার পর আমি হস্তক্ষেপ করা শুরু করি। আমি তাদের ফিটনেস নিয়েও কথা বলি। যখন আমার তাদের শাসানো প্রয়োজন, আমি তা করেছি এবং এটিকে যদি আপনি বদমেজাজ হিসেবে দেখেন, আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে পারবে।’
‘আমার মনে হয়েছিল আমি তাদের আরও উন্নত করতে পারব। আমি সাত-আটটি সফরে দলের দায়িত্বে ছিলাম, কিন্তু মাত্র এক বা দুটি সফরে ব্যর্থ হওয়ার কারণেই সব শেষ হয়ে গেল। আমার নিজস্ব মর্যাদা আছে, আমি জানি আমার সক্ষমতা কতটুকু। আর আমি লোক দেখানোর জন্য কাজ করি না। আমার কোনো সমস্যা নেই, এমনকি আমার সম্মান কমে গেছে এমনটা ভাবারও কোনো কারণ নেই, কারণ আমি জানি আমি কী কাজ করছি’, আরও যোগ করেন সারোয়ার ইমরান।
কোচ কখনও ক্রিকেটারদের বন্ধু হতে পারে না বলেও মনে করেন ২০০০ সালে বাংলাদেশ পুরুষ দলকে প্রথম টেস্টে কোচিং করানো সারোয়ার, ‘কেউ যদি বলে যে আমার মেজাজ খারাপ বা আমি বদমেজাজি, তবে তা ভুল। ব্যক্তিগত জীবনে হয়তো আমার মেজাজ খারাপ হতে পারে, কিন্তু কোচিং করানোর সময় আমি মোটেও বদমেজাজি নই। কারণ আমি একজন পেশাদার এবং আমি জানি কী করা প্রয়োজন। একজন কোচ কখনোই খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না, কারণ খেলোয়াড়ের বন্ধু হয়ে গেলে তাকে দল থেকে বাদ দেওয়া সম্ভব হয় না। আমি একজন কোচ, তাদের বন্ধু নই।’

