পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে ১১০ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। এরপর দলকে একাই টেনে নিয়ে যান লিটন দাস। সিলেটে প্রথম ইনিংসে ১২৬ রান করে আউট হন এই ব্যাটার। যে কারণে প্রথম ইনিংসে ২৭৮ রানের সম্মানজনক একটা পুঁজি পেয়েছে বাংলাদেশ।
দলের বাজে সময়ে খেলার ধরন জানতে চেয়ে মাঠ থেকে মেসেজ পাঠিয়েছিলেন লিটন। জবাবে তাকে রানের জন্যই খেলতে বলা হয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘আমি মেসেজ পাঠিয়েছিলাম যে অ্যাটাকিং খেলব কিনা। উপর থেকে উত্তর এসেছিল রানের জন্য খেলতে। আমি সেভাবেই খেলেছি।’
পরে লিটন আজকের ইনিংস নিয়ে বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক ভাই ছিল, রাওয়ালপিন্ডিতে মিরাজ ছিল। আজকেরটা শুরুতেই আমি পেয়েছি তাইজুল ভাইকে। আজকের ইনিংসটা আলাদা।’
পরবর্তীতে নিজের আউট প্রসঙ্গে তার ব্যাখ্যা, ‘দুর্ভাগ্যজনকভাবে শেষ দুই ইনিংসে আমি বাউন্সারে আউট হয়ে গেছি এবং আজকেও। আমার কাছে মনে হয় তাদের মাথায় ওই বিষয়টা ছিল। যেহেতু পরপর দুই ইনিংসে আমি বাউন্সারে আউট হয়েছি, তাই বাউন্সার তাদের কাছে সবচেয়ে ভালো বিকল্প মনে হয়েছে। কিন্তু আমি বাউন্সার অনেক উপভোগ করেছি।’

