পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে গত ৭২ ঘণ্টায় অভিযানে আরো ২১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য জানায়।
বিবৃতিতে সামরিক বাহিনী গণমাধ্যম শাখাটি জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরনশাহ ও এর আশপাশের এলাকার বিভিন্ন জায়গায় এসব অভিযান চালানো হয়।
৭২ ঘণ্টা ধরে চলা এই অভিযান দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুক লড়াই হয়। আর এতে চক্রটির চারজন নেতাসহ ২১ জন নিহত হয়। এদেরকে ভারতীয় মদদপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ বলে অভিহিত করেছে তারা। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর শাখাগুলোকে বুঝাতে পাকিস্তান রাষ্ট্র এই ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামটি ব্যবহার করে।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এই চক্রের নিহত নেতাদের ‘নিরপরাধ বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডসহ বহু সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার জন্য’ খোঁজা হচ্ছিল।
এই অভিযানটি গত সপ্তাহে শুরু হয়েছে আর পূর্ববর্তী ৭২ ঘণ্টায় আরও ২৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার করা হয়েছে। তারা আরও জানায়, ওই এলাকায় আত্মগোপন করে থাকা বাকি সন্ত্রাসীদের শেষ করতে অভিযান অব্যাহত আছে।
এর পাশাপাশি খাইবার পাখতুনখওয়ার বান্নু জেলায় পৃথক আরেক ঘটনায় এক জঙ্গি কমান্ডার আরও দুইজন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশের শান্তি কমিটি শনিবার জানিয়েছে।

