বার্সেলোনার শিরোপা উৎসবে সম্প্রতি সাড়ে সাত লাখ সমর্থকের উপস্থিতিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন লামিনে ইয়ামাল। যে কারণে তার বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট্জ। নিজেদের বড় এই তারকার পক্ষ নিয়ে এরপর কড়া জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলি মন্ত্রীকে তিনি মানসিকভাবে অনিয়ন্ত্রিত ও অন্ধ বলে উল্লেখ করেন।
গত রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে ২৯ বার লা লিগার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় বার্সেলোনার। এরপর নিয়মমাফিক ছাদখোলা বাসে দর্শকদের সঙ্গে বিজয় শোভাযাত্রা করেছেন ফুটবলাররা। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, সেখানে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন। দর্শকদের অভ্যর্থনার জবাব দেওয়ার একফাঁকে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে নাড়াতে দেখা যায়। একপর্যায়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে লেখা একটি জার্সিও তুলে ধরেন তিনি।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর ওই দৃশ্য মানতে পারেননি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট্জ। যার প্রতিবাদে তিনি নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় লিখেছেন, ‘লামিনে ইয়ামাল ঘৃণা উসকে দেওয়ার কাজটিকে বেছে নিয়েছেন, যেখানে আমাদের সৈনিকরা সন্ত্রাসী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধে লড়ছে। যে সংগঠনটি ২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদি শিশু-নারী এবং বয়স্কদের গণহত্যা এবং ধর্ষণ করেছে।’
এদিকে, ২০২৩ সালে হামাসের হামলার প্রতিক্রিয়ায় আকস্মিকভাবে ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মানুষের ওপর সামরিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ড ঘটানোর কঠোর সমালোচনা করে আসছে স্পেন সরকার এবং দেশটির নাগরিকদের বড় একটি অংশ। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে গাজায় তাদের নৃশংসতার দায়ে ইসরায়েলকে সব ধরনের আন্তর্জাতিক খেলায় নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
ইয়ামালকে নিয়ে নতুন করে ইসরায়েলি মন্ত্রী সমালোচনার কড়া জবাব দিয়ে স্প্যানিশ প্রধানমন্ত্রী এক্সে লিখেছেন, ‘পতাকা উড়ানোকে যারা “ঘৃণা উসকে দেওয়া” মনে করেন, হয়তো তারা মানসিক নিয়ন্ত্রণ হারিয়েছেন অথবা অবমাননাকর মনোভাবের কাছে অন্ধ হয়ে গিয়েছেন। লামিনে মিলিয়ন স্প্যানিয়ার্ডদের মতো করে ফিলিস্তিনের প্রতি তার সংহতি প্রকাশ করেছে। যা তাকে নিয়ে গর্ব করার আরেকটি কারণ হতে পারে।’
গাজায় ইতিহাসের অন্যতম মানবিক বিপর্যয় ঘটানোয় বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে দখলদার ইসরায়েল। যা খেলা এবং সংস্কৃতির অঙ্গনেও ছড়িয়েছে। যার প্রতিবাদ দেখা গেছে ফুটবল, সাইক্লিং এবং বাস্কেটবল মাঠেও। গত বছর স্পেনে ইসরায়েল-সমর্থিত সাইক্লিং দল অংশগ্রহণ করায় ব্যাপক প্রতিবাদের মুখে পড়তে হয়। এ ছাড়া ইউরোভিশন সং কনটেস্টে ইসরায়েল অন্তর্ভুক্ত থাকায় ওই প্রতিযোগিতা বয়কট করা ৫ দেশের একটি স্পেন। আগামী মাসে শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রে যাবেন স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল।

