ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাতে অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচকে ঘিরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ধ্যা থেকেই দেখা গেছে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২২ জুন) রাতে তিনবারের চ্যাম্পিয়নদের খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই চিত্র দেখা যায়।
প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা ও মুখে প্রিয় তারকার নাম লিখে টিএসসিতে জড়ো হতে শুরু করেন শত শত সমর্থক। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায়, কেউবা ছবি তুলতে ব্যস্ত। আবার অনেকেই আগেভাগেই জয়ের প্রত্যাশা জানিয়ে মেসিদের জন্য শুভকামনা প্রকাশ করেন।
আর্জেন্টাইন ভক্তরা জানান, বিশ্বকাপ এলেই বাংলাদেশে যেন আর্জেন্টিনার আরেকটি ঘর তৈরি হয়। প্রতি বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনার চতুর্থ শিরোপার স্বপ্ন দেখছেন তারা। দলের আক্রমণভাগ, সৃজনশীল ফুটবল এবং বিশ্বকাপের ঐতিহ্যের কারণে সমর্থকদের আত্মবিশ্বাসও তুঙ্গে।
টিএসসিতে উপস্থিত আর্জেন্টিনার সমর্থক সানি বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। প্রথম ম্যাচেই আমরা তিন গোল দিয়ে জয়লাভ করব। আশা করছি আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল উপহার দেবে।
আরেক সমর্থক জানান, বিশ্বকাপ শুরু মানেই আর্জেন্টিনা নিয়ে নতুন স্বপ্ন দেখা। এবারও আমরা বিশ্বাস করি ট্রফি জয়ের সামর্থ্য এই দলের রয়েছে। আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি প্রথম ম্যাচেই গোল করবেন।
এদিকে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন ফ্যান গ্রুপ ও সমর্থক সংগঠন একসঙ্গে খেলা উপভোগের প্রস্তুতি নিয়েছে।
বিশ্বকাপের প্রতিটি আসরেই বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সংখ্যক সমর্থক দেখা যায়। দেশের বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার বিশাল পতাকা টানানোর পাশাপাশি রাজধানীতেও পতাকা টানিয়েছেন ভক্তরা।
ফুটবলপ্রেমীরা বলছেন, আর্জেন্টিনার খেলা মানেই নান্দনিক ফুটবল, আক্রমণাত্মক খেলার ছন্দ এবং শিরোপা জয়ের স্বপ্ন। তাই প্রথম ম্যাচ থেকেই দলের কাছ থেকে দাপুটে পারফরম্যান্স আশা করছেন তারা। আজও সেই দাপুটে পারফরম্যান্স ধরে রাখবে দল।
রাতে ব্রাজিল সমর্থকরা টিএসসি এলাকায় মোটোরসাইকেল শোভাযাত্রা করেন। এ সময় তারা ব্রাজিলের পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
মরক্কোর বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার স্বপ্নে বিভোর ব্রাজিল সমর্থকরা। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ে সেলেসাওরা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে কি না।

