যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন এবং নিজেদের আটকে থাকা বিলিয়ন ডলারের তহবিল ফেরত পাওয়ার বিষয়ে বুধবার কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার দোহায় কাতার কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বিভিন্ন দেশে ইরানের আটকে থাকা বা অবরুদ্ধ সম্পদ ও তহবিল অবমুক্ত করার বিষয়টি এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তবে একই সময়ে মার্কিন প্রতিনিধিদল কাতারে অবস্থান করলেও আগামী কয়েক দিনের মধ্যে তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতিমধ্যে কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের জন্য দোহায় পৌঁছেছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো যৌথ বা মুখোমুখি বৈঠক হচ্ছে না।
ইরানের অবরুদ্ধ তহবিলের বিষয়ে কাতারের মুখপাত্র আরও জানান, দেশটির ৬ বিলিয়ন বা ৬০০ কোটি মার্কিন ডলারের যে তহবিল আটকে রয়েছে, তা এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি। তবে চলমান আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই এই বিপুল অর্থ পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা নিরসনে কাতারের এই মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: সিএনএন

