আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে মৌসুমের প্রথম শক্তিশালী সামুদ্রিক ঝড় নর’ইস্টার। ঝড়ের প্রভাবে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ডেলাওয়্যার এবং নিউইয়র্কসহ বিস্তীর্ণ অঞ্চলে বিরাজ করছে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া।
প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যে ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং বিভিন্ন উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে মারাত্মক বন্যা।
জাতীয় আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৬৫ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে গাছপালা উপড়ে পড়া এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকুয়ানসহ বেশ কিছু নিচু এলাকার রাস্তাঘাট ইতিমধ্যে প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং জরুরি ব্যবস্থার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে।
ঝড়ের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বোস্টন, নিউইয়র্ক, নান্টাকেট ও মার্থাস ভিনইয়ার্ড বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে জনপ্রিয় গায়ক এড শিরানের নির্ধারিত কনসার্ট এবং বোস্টন রেড সক্সের খেলার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শরৎকালের এই শুরুতে গাছগুলোতে পর্যাপ্ত পাতা থাকায় বাতাসের প্রতিরোধ ক্ষমতা বেশি কাজ করছে, যা গাছপালা ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

