ইউরোপজুড়ে অব্যাহত নিরাপত্তা ঝুঁকির মুখে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে পোল্যান্ড। এর আওতায় নিজেদের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৪ আগস্ট) সম্প্রচারমাধ্যম টিভিপি ওয়ার্ল্ড জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যানে দেশটির সামরিক বাহিনীতে বর্তমানে ২ লাখ ২০ হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৫৬ হাজার পেশাদার সেনা এবং ৪০ হাজার সদস্য ‘টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সেস’ বা আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর অন্তর্ভুক্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৯ সালের মধ্যে পোল্যান্ড ৫ লাখ সদস্যের একটি সামরিক বাহিনী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এই বাহিনীর কাঠামোয় থাকবে প্রায় ২ লাখ ৫০ হাজার সক্রিয় সেনা, ৫০ হাজার আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং ২ লাখ রিজার্ভ বা সংরক্ষিত বাহিনীর সদস্য রাখা হবে।
নিয়োগ ও সামরিক প্রশিক্ষণের কার্যক্রম জোরদার করার ফলে বছরের শুরু থেকে এ পর্যন্ত সক্রিয় সেনাসদস্যের সংখ্যা প্রায় ৫ হাজার বেড়েছে বলে জানা গেছে। এই উদ্যোগগুলোর মধ্যে সামরিক শিক্ষা কার্যক্রম এবং সাধারণ নাগরিকদের জন্য একদিনের প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া সরকার দেশজুড়ে ‘অলওয়েজ রেডি’ বা ‘সর্বদা প্রস্তুত’ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের প্রস্তুতিও জোরদার করার লক্ষ্য নিয়েছে। কর্মসূচিটি ২০২৫ সালের শেষের দিকে চালু করা হয় এবং ২০২৬ সালে এর পরিধি বাড়ানো হয়। এই কর্মসূচির আওতায় প্রাথমিক চিকিৎসা, টিকে থাকার কৌশল (সারভাইভাল স্কিলস), জরুরি পরিস্থিতিতে সাড়া প্রদান এবং সাইবার নিরাপত্তার বিষয়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণের সুযোগ রাখা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।

