চাঁদে গবেষণাগার ও ঘাঁটি নির্মাণ বিষয়ক মার্কিন প্রকল্প আর্টেমিস মিশনে ভারতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে মার্কিন মহাকাশ সংস্থা নাসার অঙ্গসংগঠন সিজেএসডব্লিউজি এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে এ ইস্যুতে বৈঠকও হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
ইসরো সূত্রে জানা গেছে, আর্টেমিস মিশন ছাড়াও মহাকাশ গবেষণা, স্পেসফ্লাইট প্রযুক্তি, মানব নভোচারী পাঠানো— প্রভৃতি বিষয়েও সফল যৌথ অংশীদারিত্ব গড়ে তোলা সংক্রান্ত আলোচনা হয়েছে কর্ণাটকে ইসরোর সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে।
ইসরোর কর্মকর্তারা জানিয়েছেন, আর্টেমিস অ্যাকর্ডের আওতায় চাঁদে ঘাঁটি নির্মানের প্রকল্প নিয়েছে নাসা। ইসরো যদি নাসাকে সহযোগিতা করতে রাজি হয়, তাহলে আর্টেমিস অ্যাকর্ডের অংশীদার হবে ভারতও। সেক্ষেত্রে এই অংশীদারিত্ব চুক্তির অধীনে দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থা অবাধে বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদান করতে পারবে এবং ভারত এতে সম্মতি দিয়েছে।
কর্মকর্তারা আরও বলেছেন নাসার আর্টেমিস অ্যাকর্ডসে অংশীদারিত্ব চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় ভারতকে একটি বৃহত্তর ভূমিকা পালনের সুযোগ করে দেবে। আর্টেমিস কর্মসূচির লক্ষ্য হলো মানুষকে চন্দ্রপৃষ্ঠে ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদী অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা, যার মধ্যে মঙ্গল গ্রহে ভবিষ্যতের অভিযানও অন্তর্ভুক্ত।
ভারতের জন্য এই আমন্ত্রণটি এমন এক সময়ে এসেছে যখন ইসরো একই সাথে একটি উচ্চাভিলাষী চন্দ্রাভিযান ও মানব-মহাকাশযাত্রার রোডম্যাপ অনুসরণ করছে।
উল্লেখ্য, ‘স্পেস ভিশন ২০৪৭’-এর আওতায় ২০৪০ সালের মধ্যে চাঁদে অবতরণের পাশাপাশি মহাকাশে নিজেদের পৃথক স্পেস স্টেশন নির্মাণের লক্ষ্য নিয়েছে ভারত। প্রস্তাবিত এই স্টেশনের এর প্রথম মডিউলটি ২০২৮ সালের মধ্যে এবং সম্পূর্ণ স্টেশনটি ২০৩৫ সালের মধ্যে তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চন্দ্রপৃষ্ঠ অনুসন্ধানে ভারতের অভিজ্ঞতা, বিশেষ করে ২০২৩ সালে চন্দ্রযান-৩-এর সফল অবতরণ, আন্তর্জাতিক চন্দ্র অভিযান বিষয়ক উদ্যোগগুলোকে মূল্যবান বিশেষায়িত জ্ঞান প্রদান করতে পারে। চন্দ্রযান-৩ চাঁদের পৃষ্ঠে নিরাপদে একটি মহাকাশযান অবতরণ করানো এবং একটি রোভার পরিচালনা করার ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রদর্শন করেছিল।
সূত্র : ইন্ডিয়া টুডে

