সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি শাখা কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি। এই শাখা কার্যালটি সৌদির দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে অবস্থিত।
হুথি-সমর্থিত ইয়েমেনি বার্তাসংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, গত কাল শুক্রবার করা হয়েছে এ হামলা। আরও বলা হয়েছে, আরামকোর নাজরান শাখার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে উদ্দেশে হামলা করা হয়েছিল, তা পূরণ হয়েছে।
তবে এসব তথ্যের বাইরে সাবা নিউজ এজেন্সির প্রতিবেদনে বিস্তারিত আর কিছু বলা হয়নি। ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে সৌদির সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
এর আগে গত ৬ আগস্ট নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল হুথি গোষ্ঠী। সেই হামলায় মোট ১১ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে সৌদির নাগরিক ৭ জন।
সেই হামলার জবাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে হুথিদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করেছিল সৌদি বিমান বাহিনী।
সম্প্রতি ইয়েমেনে দক্ষিণাঞ্চলে ক্ষমতাসীন সৌদি সমর্থনপুষ্ট সরকার এবং উত্তরাঞ্চলে আসীন হুথি সরকারের মধ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে লোহিত সাগরের জাহাজ চলাচল পথ এবং লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব এল-মান্দেব প্রণালিতে অবরোধ জারি করে হুথি গোষ্ঠী। তার পর থেকেই রিয়াদের সঙ্গে টানপোড়েন শুরু হয়েছে ইরানের সমর্থন ও মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর।
সূত্র : এএফপি

