নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের উপকণ্ঠে খান্দাল্লাহ স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ওয়েলিংটন ফ্রি অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। আহত ছয়জনের মধ্যে কারও আঘাত হালকা, আবার কারও আঘাত গুরুতর। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। ওয়েলিংটন সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ক্যালভার্ট বলেন, দুর্ঘটনার সময় তিনি একটি ‘হঠাৎ জোরালো বিস্ফোরণের মতো শব্দ’ শুনতে পান।
ঘটনাস্থলে থাকা এক সংবাদকর্মী জানান, দুর্ঘটনার ফলে ট্রেনটির বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বগি বেঁকে গেছে এবং লাইন থেকে ছিটকে পড়েছে। উদ্ধারকর্মীরা ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করতে কাজ করছেন।
দুর্ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়। সেখানে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি মোতায়েন করা হয়, যাতে উদ্ধারকাজ নির্বিঘ্নে চালানো যায়।
ট্রেন লাইনচ্যুতের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

