কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া শহরে এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)। সংস্থাটি ঘটনাটিকে মুসলিমবিদ্বেষমূলক বা ইসলামোফোবিক হামলা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এনসিসিএম জানায়, বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ শেষে নিজের গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তার ওপর হামলা চালায়। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে ইসলামবিদ্বেষী মন্তব্য করে এবং ইমামকে ‘নিজ দেশে ফিরে যাও’ বলে চিৎকার করে।
ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছে এনসিসিএম। সংস্থাটির দাবি, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
বিবৃতিতে বলা হয়, একজন ধর্মীয় নেতাকে লক্ষ্য করে এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি সমাজে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার উদ্বেগজনক চিত্র তুলে ধরে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এ ধরনের ঘটনা বারবার ঘটলেও নীরব থাকা যাবে না; মুসলিমবিদ্বেষ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এনসিসিএম কানাডার রাজনৈতিক ও সামাজিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন প্রকাশ্যে এ হামলার নিন্দা জানান এবং ঘৃণামূলক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি এটি ঘৃণামূলক অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার উপাদান রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
তবে ইমাম শেখ ইব্রাহিমের বর্তমান শারীরিক অবস্থা কিংবা হামলাকারীর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

