দক্ষিণ লেবাননে সহিংসতার মাত্রা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। হিজবুল্লাহ জানিয়েছে, তারা কোনো একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে ইসরাইলের ব্যাপক বোমা হামলা আগের তুলনায় কমেছে। তবে গত কয়েক দিনে ইসরাইলি ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
এসব হামলার জবাবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালিয়ে বার্তা দিয়েছে যে, তারা শুধু একতরফাভাবে হামলা বন্ধ করবে না।
ইসরাইলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর দুটি হামলায় তাদের একজন সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছে।
বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতার পর হিজবুল্লাহ নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী মনে করছে। সংগঠনটির ধারণা, ইরান এই চুক্তির মাধ্যমে তাদের কৌশলগত সুবিধা দিয়েছে।
হিজবুল্লাহ ইসরাইলকে বার্তা দিচ্ছে যে, আলোচনার টেবিলে একমাত্র বিষয় হলো পারস্পরিক নিরাপত্তা এবং এর বাইরে কোনো অতিরিক্ত ছাড় দিতে তারা প্রস্তুত নয়।
এ ছাড়া লেবানন সরকারকেও হিজবুল্লাহ জানিয়েছে, তারা অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণ মেনে নেবে না।
দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, স্থায়ী সমাধান না হলে সীমান্ত এলাকায় আবারও সংঘাত বাড়তে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা

