যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন সেনাবাহিনীর ৪১ বছর বয়সী এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, কাউন্টার টেররিজম পুলিশ মার্কিন কর্তৃপক্ষ, মার্কিন সামরিক বাহিনী ও এফবিআইয়ের সাথে যৌথ সমন্বয়ে গ্লুচেস্টার এলাকার কাছ থেকে উক্ত সেনা কর্মকর্তাকে আটক করে।
অভিযুক্ত ব্যক্তি বর্তমানে লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রয়েছেন এবং তাকে দেশটির ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের সেকশন ১ (সংবেদনশীল বা সংরক্ষিত তথ্য পরিচালনা) ও সেকশন ৩ (বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা প্রদান)-এর অধীনে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ গ্লুচেস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালাচ্ছে।
ন্যাটোর এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, গ্রেফতার এই মার্কিন কর্মকর্তা গ্লুচেস্টারে অবস্থিত ব্রিটিশ পরিচালিত নেটোর ‘অ্যালাইড র্যাপিড রিঅ্যাকশন ককস’-এ দায়িত্বে নিয়োজিত ছিলেন। যুক্তরাষ্ট্রের আর্মি কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন জানিয়েছেন, অভিযুক্ত সেনা কর্মকর্তা একজন জ্যেষ্ঠ সদস্য এবং তাকে অত্যন্ত সংবেদনশীল তথ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে আটক ব্যক্তি মূলত ফিল্ড গ্রেড স্তরের একজন আর্মি অফিসার (মেজর, লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল পদমর্যাদার)।
এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়ার মূল বিষয়বস্তু গুপ্তচরবৃত্তির অভিযোগের সাথে সম্পর্কিত। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন যে, মার্কিন জাতীয় নিরাপত্তা ও তাদের মিত্রদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে এবং অর্পিত শপথ ভঙ্গ করে এমন কোনো কাজ এফবিআই মেনে নেবে না।
অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই গ্রেফতারের ঘটনার সাথে রাশিয়ার কোনো ধরনের সম্পর্ক নেই এবং তারা এ বিষয়ে কিছুই জানেন না।
সম্প্রতি যুক্তরাজ্যে মার্কিন সামরিক ঘাঁটিকে ঘিরে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার তদন্ত চালাচ্ছিল ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। গত সেপ্টেম্বরে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে থেকে পাঁচজনকে আটক করা হয় এবং পরবর্তীকালে ইরানের স্বার্থে কাজ করার অভিযোগে দুজনকে অভিযুক্ত করা হয়, যদিও ইরান এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এছাড়া গত অক্টোবরে অন্য একটি ঘাঁটিতে দুজন লাটভীয় নাগরিক অনুপ্রবেশের পর সেখানেও তদন্ত শুরু হয়। তবে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ স্পষ্ট করে জানিয়েছে যে, মার্কিন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের এই সাম্প্রতিক ঘটনাটির সাথে অন্য কোনো চলমান বা আগের কাউন্টার টেররিজম তদন্তের কোনো সংযোগ নেই।
সূত্র: সিএনএন

