ভারতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। সঙ্গে এসেছেন ২০০ জনের বেশি মার্কিন বিমানসেনা। ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে প্রথমবারের মতো অংশ নিতে শনিবার যুদ্ধবিমানগুলো দেশটিতে পৌঁছায়।
রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ভারতের যোধপুরে মার্কিন বিমানশক্তি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো প্রথমবারের মতো ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে।
সার্জিও গোর বলেন, ভারতীয় বিমানবাহিনী ও অন্যান্য অংশীদার দেশের বিমানবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানগুলোকে মহড়ায় অংশ নিতে দেখে তিনি ‘উচ্ছ্বসিত’।
মার্কিন রাষ্ট্রদূত এফ-৩৫ যুদ্ধবিমানগুলোর কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, ‘তরঙ্গ শক্তি’ মহড়ার দ্বিতীয় সংস্করণ ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে। মহড়ায় ভারত রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ ও সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও অন্যান্য আকাশযান প্রদর্শন করবে।
ভারতীয় বিমানবাহিনীর ভাষ্য, মহড়াটির অন্যতম লক্ষ্য হলো ভারতের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করা।

