মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর ও সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিশ্বব্যবস্থায় বহুমেরুকেন্দ্রিকতা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে একক কোনো শক্তির আধিপত্যের পরিবর্তে একাধিক শক্তির প্রভাব প্রতিষ্ঠায় আরও পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন দুই নেতা।
এর আগে এপেক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে শি জিনপিং বাণিজ্য সুরক্ষাবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের সমালোচনা করেন পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে শি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে গড়ে ওঠা নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থাকে দৃঢ়ভাবে সমর্থন করতে হবে। অবাধ বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বজায় রাখার পাশাপাশি বৈশ্বিক শিল্প উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
শি আরও বলেন, চীন আমদানি শুল্ক কমাবে এবং বিদেশি ব্যবসা ও বিনিয়োগের জন্য নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে। একই সঙ্গে শিল্প খাতে বিনিয়োগ, নতুন প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নে কাজ অব্যাহত রাখবে বেইজিং। বিদেশি পণ্যের ওপর বাণিজ্যিক বাধা আরোপ ও একতরফা পদক্ষেপের বিরোধিতাও করবে দেশটি।
অন্যদিকে, বক্তব্যে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক আধিপত্য বিস্তারের নীতির সমালোচনা করেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব পদক্ষেপ রাশিয়াকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে।
পুতিনের দাবি, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি বিধিনিষেধ কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থামিয়ে দিতে পারে না। অন্য দেশকে অর্থনৈতিকভাবে চাপে রেখে নিজেদের স্বার্থ আদায়ের প্রচলিত কৌশলও আগের মতো কার্যকর নেই।
এদিকে, শি-পুতিনের বৈঠকের পর ট্রাম্পের চীন সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা আরও জোরালো হয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্পের চীনে পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এপেক সম্মেলনের ফাঁকে শি, পুতিন ও ট্রাম্পের মধ্যে বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্রসহ গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় উঠে আসতে পারে।
সম্ভাব্য এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন। তবে এ তুলনা নাকচ করেছে ক্রেমলিন। তাদের মতে, এ ধরনের তুলনা রাজনৈতিক বিশ্লেষকদের তৈরি করা বিষয় হলেও আসন্ন বৈঠক বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স।

