আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরনের বৈঠক হবে কি না, তা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সঙ্গে কিম জং উন যোগ দিতে পারেন। তিনি আসতেও পারেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওপর নির্ভর করছে।’
এ সপ্তাহের শেষ দিকে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার।
উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্প আগেও একাধিকবার প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়া এপেকের সদস্য নয় এবং সম্মেলনে কিমের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনও ঘোষণা আসেনি। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুনও জানান, সম্মেলনে কিমের যোগ দেওয়ার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই।
কিমের যাতায়াতের ধরনও আকস্মিক বৈঠকের ক্ষেত্রে বাধা হতে পারে। তিনি সাধারণত অত্যন্ত সুরক্ষিত বিশেষ সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৭ মাইল। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে শেনজেনের দূরত্ব এক হাজার মাইলেরও বেশি।
এর আগে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে কিম আড়াই দিন ধরে ট্রেনে চীন পাড়ি দিয়েছিলেন।

