গাজার সাম্প্রতিক প্লাবন ও মানবিক সংকট নিয়ে বোর্ড অব পিস (শান্তি পরিষদ)-এর দেওয়া সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হামাস। তারা অভিযোগ করেছে, শান্তি পরিষদ গাজার মারাত্মক বন্যা সংকটকে বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের মূল বাধা সৃষ্টিকারী ভূমিকা এড়িয়ে গেছে। একই সাথে ফিলিস্তিনী প্রতিরোধ সংস্থাটি শান্তি প্রস্তাব থমকে যাওয়ার দায় নিতে অস্বীকার করেছে এবং কোনো ধরনের রাজনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত শর্ত ছাড়াই গাজায় অবিলম্বে ত্রাণসামগ্রী প্রবেশ, প্রতিশ্রুতির জবাবদিহিতা ও বাস্তবায়ন নিশ্চিত করার নির্দিষ্ট সময়সূচি দাবি করেছে।
সোমবার পিস বোর্ডের এক বিবৃতির জবাবে ফিলিস্তিনের এই প্রতিরোধ গোষ্ঠী শান্তি রোডম্যাপ বাস্তবায়নে বিলম্বের সমস্ত দায়ভার প্রত্যাখ্যান করেছে। হামাস স্পষ্ট করে জানিয়েছে যে, তারা এবং অন্যান্য ফিলিস্তিনি উপদলগুলো ইতোমধ্যে এই শান্তি রোডম্যাপ গ্রহণ করেছে, তাই বাস্তবায়নে বিলম্বের দায় কোনোভাবেই তাদের ওপর বর্তায় না।
এর আগে সোমবার বোর্ডের পক্ষ থেকে গাজায় অত্যাবশ্যকীয় জিনিসপত্র সরবরাহে ইসরায়েলি বিলম্বের সমালোচনা করে বলা হয়েছিল যে, তাদের এ ধরণের আচরণ চলমান মানবিক সংকটকে আরও বেশি আশঙ্কাজনক করে তুলেছে। তবে একই সাথে বোর্ড অব পিস হামাসকেও তাদে শর্তসমূহ পূরণ করার আহ্বান জানায়, যার মধ্যে তাদের অস্ত্র পরিত্যাগ করা এবং শাসন ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
হামাস পিস বোর্ড কর্তৃক ইসরায়েলের এই সমালোচনার বিষয়টি স্বীকার করলেও তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল যে সার্বিকভাবে বাধা সৃষ্টি করে চলেছে, বোর্ডের মূল বক্তব্যে সেই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এ প্রসঙ্গে হামাস গত ৩ আগস্টের মধ্যস্থতাকারী দেশ তুরস্ক, মিশর এবং কাতারের যৌথ বিবৃতির কথা উল্লেখ করে। সেই বিবৃতিতে মধ্যস্থতাকারীরা সতর্ক করে বলেছিল যে, ইসরায়েলি নিয়ম লঙ্ঘন ও শর্ত অমান্য করার মনোভাব শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ব্যাহত করছে।
হামাস আরও বলেছে, জীবনরক্ষাকারী মানবিক সহায়তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক মানবিক ও আইনি দায়বদ্ধতার সরাসরি লঙ্ঘন। বর্তমানে গাজার সীমানার ঠিক বাইরে বিশাল পরিমাণ আশ্রয়সামগ্রী অপেক্ষমাণ অবস্থায় পড়ে থাকলেও ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধে বাস্তুচ্যুত হাজার হাজার পরিবার প্রচণ্ড শীত ও বন্যার পানিতে ভেসে চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই মানবিক বিপর্যয় তুলে ধরে হামাস অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে বলেছে, বালুর নিচে ও বৃষ্টির পানিতে মারা যাওয়া শিশুরা এই আলোচনার বা দরকষাকষির কোনো পক্ষ নয়। সুতরাং ইসরায়েলের রাজনৈতিক বা সামরিক লক্ষ্য হাসিলের জন্য এই নিষ্পাপ শিশুদের কোনোভাবেই জিম্মি করা যাবে না।
প্রতিরোধ গোষ্ঠীটি পিস বোর্ডকে নিজেদের ব্যর্থতা ব্যাখ্যা করার তাগিদ দিয়েছে। বোর্ড কেন গাজার এই নজিরবিহীন বিপর্যয় মোকাবেলায় উপযুক্ত পদক্ষেপ নিতে পারেনি এবং প্রথম পর্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলের বাধ্যবাধকতা নিশ্চিতে ব্যর্থ হয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে। হামাস কোনো ধরনের রাজনৈতিক বা নিরাপত্তা বিষয়ক শর্ত ছাড়াই ত্রাণ, জরুরি আশ্রয় এবং পুনর্বাসনের প্রয়োজনীয় উপকরণ গাজায় প্রবেশ করানোর জন্য সবকটি সীমান্ত ক্রসিং অবিলম্বে পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানিয়েছে।
একই সাথে রোডম্যাপ বা শান্তি নকশা বাস্তবায়নের একটি সুস্পষ্ট সময়সূচি এবং তদারকি ব্যবস্থা চালুর জোর দাবি জানিয়েছে তারা। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা শাসনের জন্য গঠিত ফিলিস্তিনি প্রশাসনিক কমিটিকে কাজ শুরু করার সুযোগ করে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে হবে। ফিলিস্তিনি এই সংগঠনটি পিস বোর্ডের প্রতি একটি নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছে, যেখানে চুক্তির কোন্ প্রতিশ্রুতিগুলো পূরণ হয়েছে, কোন্গুলো এখনো বাকি রয়েছে এবং এই বিলম্বের জন্য প্রকৃতপক্ষে কে দায়ী, তা স্পষ্টভাবে চিহ্নিত করতে বলা হয়েছে।
হামাস পুনঃরায় নিশ্চিত করেছে যে, তারা ইতোপূর্বে সম্মত হওয়া সমস্ত শর্তাবলী বাস্তবায়নে শতভাগ প্রস্তুত রয়েছে। তবে তারা এমন কোনো নতুন শর্ত চাপিয়ে দেওয়াকে প্রত্যাখ্যান করেছে। প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতা বা ক্রম পরিবর্তন করবে, ইসরায়েলি সেনা প্রত্যাহারকে বিলম্বিত করবে কিংবা গাজার সাধারণ বেসামরিক নাগরিকদের দুর্ভোগকে আরও দীর্ঘায়িত করবে।
গত শুক্রবার সন্ধ্যায় গাজায় নেমে আসা এক বিধ্বংসী ও তীব্র ঝড় পুরো উপত্যকাকে লণ্ডভণ্ড করে দেয়। সরকারি সংবাদ মাধ্যম (গভর্নমেন্ট মিডিয়া অফিস)-এর তথ্য অনুযায়ী, আকস্মিক এই বন্যায় বাস্তুচ্যুতদের ৭০ হাজারের বেশি অস্থায়ী তাবু সম্পূর্ণ ভেসে গেছে এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়া ডজন ডজন দেয়াল ধসে পড়েছে। এছাড়া গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গত রবিবার গভীর রাতে দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুর ওপর একটি বিশালাকার বালুর বাঁধ ধসে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই নারী ও তিন শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
সূত্র: টিআরটি

