ভারতের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
বুধবার (২৪ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার সময় গুদাম নির্মাণকাজে আনুমানিক ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করেই গুদামের শেড ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ভারী কংক্রিট ও লোহার কাঠামো সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকাজে সেনাবাহিনীকেও সহায়তার জন্য নামানো হয়েছে।
স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া শ্রমিকদের আর্তনাদ শোনা যাচ্ছিল, তবে ভারী ধ্বংসাবশেষের কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে উঠেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, ভেতরে এখনও ১২ থেকে ১৫ জন আটকে রয়েছেন। ১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে তিন জনের।
বিবিসির তথ্য অনুযায়ী, তারাতলার ওই জমি লিজ নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান গুদাম নির্মাণ করছিল। হঠাৎ ছাদ ধসে পড়ার পর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হতাহতের এ ঘটনা ঘটে।

