ইরানের ইসফাহানে অবস্থিত একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম-সমৃদ্ধকরণ কারখানা নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগ’ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটি বলছে, তেহরান ওই কারখানায় তাদের পরিদর্শকদের প্রবেশ করতে দিচ্ছে না। কয়েকটি সংবাদমাধ্যমের হাতে আসা আইএইএর একটি গোপন প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানা গেছে।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আইএইএ তাদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো ত্রৈমাসিক ওই প্রতিবেদনে বলেছে, সংস্থাটি ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের (আইএফইপি) সঠিক অবস্থান জানে না। এমনকি নিরাপত্তামূলক ব্যবস্থা এবং সেখানে কোনো পারমাণবিক উপাদান আছে কি না—সে বিষয়েও সংস্থাটির কাছে কোনো তথ্য নেই।
রয়টার্স জানায়, ২০২৫ সালের জুনে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পর্কিত তথ্যের ঘাটতি এবং কেন্দ্রগুলোতে পরিদর্শনের সুযোগ না পাওয়া পারমাণবিক অস্ত্র বিস্তারের ক্ষেত্রে গভীর উদ্বেগের কারণ বলে মনে করছে আইএইএ। সংস্থাটির মতে, এ পরিস্থিতি জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন।
তথ্যের অভাব এবং পরিদর্শনের সুযোগ না থাকায়, ইরানের পারমাণবিক উপাদানগুলো শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে কি না, সে বিষয়ে আইএইএ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপির দেওয়া তথ্যানুযায়ী, আইএইএ-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থার মহাপরিচালক ইরানকে এমন কিছু কারিগরি ও ধাপে ধাপে পদক্ষেপ নিতে উৎসাহিত করেছেন, যাতে পরিদর্শকেরা পুনরায় ইরানে ফিরে যেতে পারেন। এ ধরনের ধারাবাহিক পদক্ষেপগুলো ইরানে স্বাভাবিক নিরাপত্তামূলক ব্যবস্থা বাস্তবায়নের পথ তৈরি করতে পারে।

