২০২৭ সালে শেষবার ওয়ানডে বিশ্বকাপে খেলার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। শেষবার বিশ্বমঞ্চে খেলবেন, সেই তাড়নাই তাকে উজ্জীবিত রাখবে বলেছেন ভারতের তারকা ব্যাটার। নিজের সর্বোচ্চটা উজার করে দিতে চান তিনি। জিততে চান ট্রফি, পাশাপাশি আরেকটি স্বপ্নও দেখছেন।
২০১৫ সালের বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছিলেন কোহলি। ৭৬৫ রান এসেছিল তার ব্যাটে। ফাইনালে খেলেছিলেন ৫৪ রানের ইনিংস। শীর্ষ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট শেষ করেছিলেন। কিন্তু তীরে গিয়ে তরী ডোবে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত।
কাজ অসমাপ্ত থেকে গেছে কোহলির, যা শেষ করতে চান আগামী বছর। নিজের শেষ বিশ্বকাপে ব্যক্তিগত মাইলফলক ছাপিয়ে যত বেশি সম্ভব প্রতি ম্যাচেই প্রভাব রাখতে চান তিনি। বিশেষ করে দল ফাইনালে উঠলে ম্যাচ জয়ী ইনিংস খেলতে চান।
বিশ্বকাপে সব মিলিয়ে ৩৭ ম্যাচে ৫৯ এর বেশি গড়ে পাঁচ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে ১৭৯৫ রান করেছেন কোহলি। আগামী বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে জিও স্টার-কে তিনি বলেন, ‘তাই (বিশ্বকাপে) আমার লক্ষ্য হলো দলের জন্য যতটা সম্ভব বেশি ম্যাচ জেতা – ৬০-৭০ শতাংশ ম্যাচ জিততে পারলেও সেটা অসাধারণ হবে। আমার স্বপ্ন হলো ফাইনালে কোনো স্কোর তাড়া করার মতো করে ম্যাচ জেতানো, শেষ মুহূর্তের ইনিংস খেলা। এটাই আদর্শ পরিস্থিতি। যদি তা হয়, তো দারুণ। আর যদি না-ও হয়, আমরা বিশ্বকাপ জিতলেও আমি সমান খুশি হব।’

