আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়লেন বিরাট কোহলি। হ্যামস্ট্রিংয়ে চোটে আছেন তিনি। গুঞ্জন ছিল, তার পরিবর্তে দলে আসবেন রুতুরাজ গায়কোয়াড়। শেষ পর্যন্ত কোহলির পরিবর্তে ওয়ানডে দলে নেওয়া হল যশস্বী জয়সওয়ালকে। দলে থাকলেও মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে রোহিত শর্মার।
ভারত-আফগানিস্তান তিনটি ওয়ানডে ম্যাচ হবে ১৩, ১৭ এবং ২০ জুন। ধর্মশালা, লখনউ এবং চেন্নাইয়ে হবে ম্যাচগুলো। আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলার সময় কোহলি হ্যামস্ট্রিয়ংয়ে চোট পান। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত জয়সওয়াল চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা শেষ ওয়ানডে ম্যাচে খেলেন ১১৬ রানের অপরাজিত ইনিংস।
প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ‘আইপিএল ফাইনালের পর এক সপ্তাহও হয়নি। কোহলির চোট এত দ্রুত সাড়া সম্ভব নয়। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। সম্পূর্ণ ফিট হতে কত দিন লাগবে, এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই আফগানিস্তান সিরিজের জন্য জয়সওয়ালকে দলে নেওয়া হয়েছে।’
‘আশা করছি জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে কোহলি পুরো ফিট হয়ে যাবে। যদিও নিশ্চিত করে বলা ঠিক নয়। ফিজিও রিপোর্ট পাওয়ার পর হয়তোবা বুঝা যাবে।’
ওয়ানডে দল:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হার্ষ দুবে।

