মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৮ রানে এগিয়ে বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের হাতে আছে ৬ উইকেট। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের ব্যাটিংয়ের ভুলগুলো তুলে ধরেছেন সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম।
নিজের ইনিংস আরও বড় করতে না পারার আক্ষেপ ঝরেছে সাদমানের কণ্ঠে। তিনি বলেন, ‘সকালে শুরুতে উইকেট পড়েছে। আমি ও লিটন যখন ব্যাট করি, বা আমিই যদি আরেকটু বড় করতে পারতাম, ভিন্ন দৃশ্য হতে পারত। ওখানেই ভুল হয়ে গেছে।’
মিরপুরের উইকেটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জও স্বীকার করেছেন এই ওপেনার। উইকেট পড়লেও তা নিয়ে বাড়তি চিন্তা করেননি জানিয়ে সাদমান বলেন, ‘অন-অফ একটু সমস্যা করে। তবে এটা ক্রিকেটের অংশ। ওরকম কিছু মাথায় নেইনি, উইকেট নিয়ে ভাবিনি। বল আসবে, খেলব—এটাই ভাবনা ছিল। মিরপুরের উইকেট সবসময়ই সকালে বা দিনের শেষে ব্যাটারদের একটু সমস্যায় ফেলে। এমন দিন আসতেই পারে।’
সেঞ্চুরিকে বড় ইনিংসে রূপ দেওয়ার গুরুত্বও তুলে ধরেছেন সাদমান। তার মতে, টপ অর্ডারের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারলে দলের সংগ্রহও বড় হয়। সাদমান বলেন, ‘এখানে অবশ্যই ভালো করা উচিত। টপ অর্ডাররা দেড়শ, দুইশ করলে দলের রান ৪০০-৫০০-তে পৌঁছায়। চেষ্টা থাকবে পরেরবার সুযোগ পেলে তা কাজে লাগানোর।’
নিজের ব্যাটিং ও ফিটনেস নিয়ে কাজ করার কথাও জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ভাষায়, ‘আমরা অনেক কথা বলি, কীভাবে ওপেনিং জুটি গড়ে দেওয়া যায়। মাঝখানে অন-অফ ছিলাম। বড় করতে পারিনি। এরপর কাজ করেছি, ফিটনেস নিয়েও কাজ করেছি। দেখা যাক কী হয়।’

