দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে অভিজ্ঞ ব্যাটার হেনরিখ ক্লাসেনকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর আহ্বান জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ধারাবাহিকভাবে ঝড়ো ব্যাটিং করে তিনি আবারও প্রমাণ করছেন, বড় মঞ্চে ম্যাচ ঘোরানোর সামর্থ্য এখনো তার রয়েছে।
সামাজিক মাধ্যমে পিটারসেন লিখেছেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের উচিত দ্রুত ক্লাসেনের সঙ্গে যোগাযোগ করে তাকে দলে ফেরানোর চেষ্টা করা। তার মতে, ২০২৭ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ক্লাসেনকে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।
সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৪৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অসাধারণ ইনিংস খেলেন ক্লাসেন। মাত্র ৩০ বলে অপরাজিত ৬৫ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি, যেখানে ছিল চারটি ছক্কা ও সাতটি চার।
এই ইনিংসের ওপর ভর করেই সহজ জয় পায় হায়দরাবাদ। চলতি আসরে এখন পর্যন্ত ৯ ইনিংসে ৪১৪ রান করে তিনি টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে রয়েছেন। মিডল-অর্ডারে নেমেও ওপেনারদের সঙ্গে পাল্লা দিয়ে রান করার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।
এদিকে দক্ষিণ আফ্রিকার আরেক কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সও ক্লাসেনের প্রশংসায় পঞ্চমুখ। তার মতে, মিডল-অর্ডারে নেমে এমন ধারাবাহিকতা ও উচ্চ স্ট্রাইক রেট ধরে রাখা সত্যিই অবিশ্বাস্য।

