চেলসির মালিকানায় বড় পরিবর্তন এসেছে। টড বোয়েলি ও মার্ক ওয়াল্টার নিজেদের অংশীদারত্ব বিক্রি করে দেওয়ায় ক্লাবটির প্রায় পুরো নিয়ন্ত্রণ এখন ক্লিয়ারলেকের হাতে। নতুন এই অধ্যায়কে ‘গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে দেখছেন চেলসি কোচ জাবি আলোনসো।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বোয়েলি ও ওয়াল্টারের সংখ্যালঘু অংশীদারত্ব কিনে নেবে ক্লিয়ারলেক। এর মধ্য দিয়ে রোমান আব্রামোভিচ পরবর্তী সময়ে চেলসির চেয়ারম্যান হিসেবে বোয়েলির অধ্যায়ও শেষ হচ্ছে। ওই সময়ে ক্লাবের বড় অঙ্কের দলবদল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রেখেছিলেন তিনি।
ক্লিয়ারলেকের সহপ্রতিষ্ঠাতা বেহদাদ এগবালি ও হোসে ই. ফেলিসিয়ানো। সুইস ধনকুবের হ্যান্সইয়র্গ ভিসও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। তিনজন মিলে ক্লাবের বাকি অংশীদারত্ব কিনছেন, যা মোটামুটি চেলসির এক-চতুর্থাংশের সমান। গ্রীষ্মে চেলসির দায়িত্ব নেওয়া আলোনসো বোয়েলি ও ওয়াল্টারের চার বছরের অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এগবালির নেতৃত্বে নতুন মালিকানার অধীনে সামনে এগিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।
কোচ বলেন, ‘ক্লাবের মালিকানার কাঠামোয় বড় পরিবর্তন এসেছে, নতুন মালিকানা এসেছে—এটি চেলসির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। সাবেক মালিকদের তারা যা করেছেন, তার জন্য ধন্যবাদ। আমি তখন এখানে ছিলাম না, তবে জানি, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন বেহদাদ আরও বেশি, প্রায় পুরো নিয়ন্ত্রণ নেওয়ায় বিষয়টি পরিষ্কার হয়েছে।’
এগবালির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও ভালো বলে জানিয়েছেন চেলসি কোচ। আলোনসোর ভাষায়, তাকে চেলসির প্রকল্পের ব্যাপারে বোঝাতে মাদ্রিদে নিজে গিয়েছিলেন এগবালি, ‘বেহদাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে প্রকল্পের ব্যাপারে বোঝাতে তিনিই মাদ্রিদে এসেছিলেন। আমরা ভালোভাবে কাজ করছি। স্কোয়াড নিয়ে প্রকল্পের প্রথম ধাপ আমরা শেষ করেছি। এটি ভালো হয়েছে। এখন আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাব।’
আন্তর্জাতিক বিরতির আগে চেলসির আরও একটি প্রিমিয়ার লিগ ম্যাচ বাকি। শুক্রবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে আলোনসোর দল। এরপর শুরু হবে তিন সপ্তাহের দীর্ঘ আন্তর্জাতিক বিরতি।
ব্রেন্টফোর্ড ম্যাচের আগে অধিনায়ক রিস জেমস, মার্কো পালেস্ত্রা ও জর্ডান হেন্ডারসনের ফিটনেস নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন আলোনসো। চোটের কারণে টানা তিন ম্যাচ বাইরে থাকা মোইসেস কাইসেদোও স্কোয়াডে ফিরতে পারেন।
জোয়াও পেদ্রোকেও দলে দেখা যেতে পারে। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেলেও চেলসির হয়ে শুক্রবার খেলতে পারার সম্ভাবনা উড়িয়ে দেননি আলোনসো, ‘চোট ও স্কোয়াডের বিষয়ে আগামীকাল আমাদের শেষ অনুশীলন। তাই শুক্রবারের জন্য এখনই কাউকে বাইরে রাখছি না। সতর্ক থাকতে চাই এবং আগামীকাল পর্যন্ত অপেক্ষা করে প্রত্যেক খেলোয়াড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

