পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে লড়ছে বাংলাদেশ দল। এই টেস্টে পাকিস্তান একাদশে রয়েছেন ৭ জন বাঁহাতি ব্যাটার৷ এদিকে টাইগার একাদশে রয়েছেন কেবল একজন অফ স্পিনার। যা নিয় চলছে আলোচনা-সমালোচনা।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে একাদশের ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেন, ‘দল নির্বাচনে আমরা যেহেতু থাকি না, তো আমাদের আসলে বলার কিছু নেই এখানে। দলের পরিকল্পনার কথা যদি বলেন যে হয়তো দলের পরিকল্পনায় আমরা সবসময়ই থাকি। কিন্তু কে খেলবে না খেলবে সেটা তো আসলে আমাদের কিছু বলার নেই।’
মিরপুরের এই উইকেটে বোলারদের অনেক কিছু করার আছে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘উইকেট আসলে খুব বেশি পরিবর্তন হয় না। গতকাল যা ছিল আজও প্রায় একই রকমের আছে। আমি বলব যে পাকিস্তান আজকে খুবই ভালো বল করেছে। তারা জায়গা ছাড়েনি, তাদের এলাকায় চেষ্টা করেছে তারা সবসময় বল করতে। আমাদের সারাক্ষণই চ্যালেঞ্জের মধ্যে রেখেছিল। আমরা এলোমেলো বল করেছি। হয়তো সকালেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম।’
‘এই উইকেটে আমার কাছে মনে হয় এখনো বোলারদের অনেক কিছু করার আছে। বিশেষভাবে পেস বোলারদের। আমরা বললাম তো আজকে আমরা যেহেতু একটা সেশন ভালো বল করি নাই-এটা দৃশ্যমান, এটা সবাই বুঝতে পারছে যে আমরা আসলে ভালো বল করি নাই। তো এটা আসলে সমাধান করা সম্ভব এবং এটা খুব তাড়াতাড়ি করবে। কারণ আমাদের ফাস্ট বোলাররা সবসময় আমাদের ম্যাচ জিতিয়েছে এবং তারা অভিজ্ঞ, আমার মনে হয় যে তারা আগামীকাল ভালো করবে।’

