স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার রাউল আসেন্সিও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির আদালত তাকে জরিমানা করার পাশাপাশি আট মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জিসি-১ হাইওয়ের ৩৭.৫ কিলোমিটার এলাকায় একটি ব্রেথলাইজার চেকপোস্টে আসেন্সিওকে থামানো হয়। তখন তিনি পোর্শে ম্যাকান জিটিএস চালাচ্ছিলেন।
প্রথম পরীক্ষায় তার শরীরে প্রতি লিটারে ০.৯০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া যায়। দ্বিতীয় পরীক্ষাতেও অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত হয়। স্পেনের দণ্ডবিধির ৩৭৯.২ ধারা অনুযায়ী, প্রতি লিটারে ০.৬০ মিলিগ্রামের বেশি অ্যালকোহল থাকলে গাড়ি চালানো ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়।
এরপর আসেন্সিওকে দ্রুত বিচারিক আদালতে তলব করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিজের দোষ স্বীকার করেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। তার সঙ্গে থাকা এক ব্যক্তি গাড়িটির দায়িত্ব নিয়ে সেখান থেকে চলে যান।
দোষ স্বীকারের পর আদালত আসেন্সিওকে মোট ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা করেছে। চার মাস ধরে প্রতিদিন ১২০ ইউরো হারে এই জরিমানা দিতে হবে তাঁকে। পাশাপাশি আট মাসের জন্য তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে।
রিয়াল মাদ্রিদও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা পেছনে ফেলে নতুনভাবে মনোযোগী হতে চান আসেন্সিও। নিজের সেরাটা দিতে শতভাগ মনোযোগ ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার প্রত্যয়ও জানিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

