তুমুল আলোচনার জন্ম দিয়ে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। দুই বৈরি সম্পর্কের দেশে এমন বিয়ের আয়োজন স্বাভাবিকভাবেই সবার নজর কেড়েছিল। যদিও ঝড় তোলা সেই বিয়ে এক যুগের বেশি স্থায়ী হয়নি।
২০২৩ সালেই সানিয়া মির্জা শোয়েব মালিককে ডিভোর্স দেন। তবে তা গোপন ছিল লম্বা সময় পর্যন্ত। এরমাঝে শোয়েব মালিক নিজের জীবনে সঙ্গী করে নেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে। শোয়েব তার তৃতীয় বিয়ের কথা প্রকাশ্যে আনতেই গত বছর পাল্টা সানিয়ার পরিবারও জানিয়ে দেয় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদের পর অনেকটা আড়ালেই ছিলেন সানিয়া। দীর্ঘ বিরতির পর এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেই সময়ে মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছিলেন। প্যানিক অ্যাটাকও হয় তার।
এর মধ্যে নানা সময়ে সানিয়ার নতুন সম্পর্কের গুঞ্জনও কম ঢালপালা মেলেনি। তবে সেসব যে সত্যি নয়, তা অকপটেই জানান টেনিস কন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, বিশেষত প্রেমজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন সানিয়া। কাছের বন্ধু ও পরিচালক ফারহা খানের সঙ্গে ডাবল ডেট নামে একটি শোয়ে গিয়েছিলেন সানিয়া। শোয়ের সঞ্চালক অভিনেতা দম্পতি নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী। সেখানে টেনিস সুন্দরীকে জিজ্ঞাসা করা হয়, শোয়েবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তো অনেকটা সময় কেটেছে। সেই শূন্যস্থান পূরণ করতে চাচ্ছেন কি না?
শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় প্রতি মুহূর্তেই সানিয়াকে সঙ্গ দিয়ে গেছেন ফারহা। তার উদ্যোগেই ওই কঠিন সময় থেকে বেরিয়ে আসেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। বর্তমানে নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। পিকলবল খেলা, ডব্লিউপিএলের সঙ্গে যুক্ত থাকা-সানিয়ার হাজারো ব্যস্ততা। তার নিজের ব্যবসাও রয়েছে। সানিয়ার কথায়, তার রক্তে রয়েছে খেলাধুলা। সেটা ছেড়ে দূরে থাকতে পারবেন না। ছেলে ইজহানকে নিয়েও অনেকটা সময় কেটে যায় সানিয়ার।
ক্যারিয়ারের কারণে ইজহানকে আগে সময় দিতে পারতেন না। এখন সেই অভাব মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন সানিয়া। ছেলের সঙ্গে সিনেমা দেখা, খেলতে যাওয়া নিয়ে মেতে থাকেন তিনি। কিন্তু শোয়েবের শূন্যস্থান? সেটা এখনও রয়েছে। পাকিস্তানি ক্রিকেটার ফের বিয়ে করলেও সানিয়া সেই পথে হাঁটেননি। দু’বছরেরও বেশি সময় ধরে তিনি একাকী জীবন যাপন করছেন। সেই ছবিটা কি বদলাবে? প্রশ্ন করেছিলেন নেহা-অঙ্গদ।ৃ
দুই সঞ্চালকের প্রশ্নের জবাবে সানিয়া জানান, ‘আমার জীবনে প্রচুর বন্ধু রয়েছে, যারা পুরুষ। তারা আমাকে নানা জায়গায় যেতে আমন্ত্রণ জানায়। আমিও ওদের সঙ্গে ঘুরে বেড়াই, সময় কাটাই। তবে তাদের সঙ্গে বন্ধুত্ব পর্যন্তই রাখতে চাই। রোমান্টিক সম্পর্কের কথা এখনও মনে হয়নি।’ এই জবাব শুনে ফারহা বলেন, ‘আমাকেও অনেকে জিজ্ঞাসা করে সানিয়া সত্যিই সিঙ্গেল কি না।’
বন্ধুর মুখে এমন কথা শুনে সানিয়া আরও দৃঢ়ভাবে জানিয়ে দেন, রোমান্টিকভাবে কোনও পুরুষ এখনও পর্যন্ত তার মনে জায়গা করে নিতে পারেননি। টেনিস সুন্দরীর কথায়, ‘আমার জীবনে সত্যিই সেরকম কোনও পুরুষ নেই। এখনও পর্যন্ত আমি সিঙ্গেল। ভবিষ্যতে এমন কেউ আমার জীবনে আসবে কি না জানি না।’ সানিয়ার কথাতেই স্পষ্ট, ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু ভাবতে চান না। বর্তমানেই মন দিচ্ছেন তিনি।

