চলতি মাসের ২৮ তারিখে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। এর আগে জাপান ক্রিকেট দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এশিয়ার উদীয়মান ক্রিকেট দলটির বিপক্ষে এটাই হতে যাচ্ছে ভারতের প্রথম কোনো ম্যাচ।
২০২৬ সালের এশিয়ান গেমসে অংশ নেওয়ার আগে ভারত এই ম্যাচটিকে মূল প্রস্তুতি হিসেবে দেখছে। গত আসরে স্বর্ণপদক জয়ী ভারতীয় দল এবার সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে মিশন শুরু করবে। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই মাঠে নামবে জাপান।
বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলার মাধ্যমে জাপানি ক্রিকেটাররা যেমন মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে, তেমনই বিশ্বমঞ্চে ও পূর্ব এশিয়ায় ক্রিকেটের গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পাবে।
এই ম্যাচ নিয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘এমন একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমরা ভীষণ আনন্দিত। ভারতের এই সফর নতুন অঞ্চলে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার এবং জাপানি দর্শকদের সামনে খেলাটি পরিচিত করার চমৎকার সুযোগ।’
জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি মিয়াজি বলেন, ‘বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগতিক হিসেবে জাপানে স্বাগত জানানো আমাদের অ্যাসোসিয়েশনের জন্য একটি মাইলফলক ঘটনা।’

