বশির আহমেদ সম্মাননা পেলেন উপমহাদেশের দুই কিংবদন্তি—সংগীতশিল্পী রুনা লায়লা ও অভিনেত্রী শবনম। দুই জগতের দুই গুণী শিল্পীর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন তারা। প্রয়াত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন তারা।
গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ শীর্ষক এ আয়োজন করে সুরগম সাউন্ড স্টেশন। সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সেখানে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি সামাজিক মাধ্যমে নিজের পোস্টেও তুলে ধরেছেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। জানান, শিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিনের অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে সংগীতশিল্পী রুনা লায়লা ও অভিনেত্রী শবনমকে এবার একই অনুষ্ঠানে একই সম্মাননা দেওয়া হলো। বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে চালু হয় এই আয়োজন।

