জনপ্রিয়তা কিংবা প্রভাবে তিনি বলিউডের বেতাজ বাদশাহ। আবার সম্পদেও সবার চেয়ে এগিয়ে। গত বছরই ভারতের ইতিহাসে প্রথম অভিনেতা হিসেবে বিলিয়নিয়ার হয়েছেন শাহরুখ খান। এখন তার সম্পদের পরিমাণ কত?
হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে তার সম্পদের আনুমানিক পরিমাণ দেখানো হয়েছে ১০ হাজার কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। এই সম্পদ নিয়ে তিনি এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা।
যদিও গত বছর শাহরুখের সম্পদ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তার প্রায় আড়াই হাজার কোটি রুপির সম্পদ কমেছে।
শাহরুখের এই পাহাড়সম সম্পদের পেছনে শুধুই তার পর্দার অভিনয় নয়, জড়িয়ে আছে অনেক কিছু। ব্যবসায়িক খাতে অভিনেতার সাফল্য অনেক। তার প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ভারতের বিনোদন জগতে বড় নাম। এছাড়া ক্রীড়া বাণিজ্যেও তার দাপুটে অবস্থান। কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক তিনি। এছাড়া ভারতের বাইরেও তার ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে। কিছুদিন আগে তো আমেরিকায় গোটা স্টেডিয়াম নিয়েছেন তিনি।
যদিও হুরুনের প্রকাশিত সম্পদের তথ্যকে শতভাগ নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। তারা মূলত ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য নির্ধারণ করে তালিকা তৈরি করে। তবে এই তালিকারও গ্রহণযোগ্যতা বেশ।
ভারতীয় অভিনেতাদের মধ্যে এবার সম্পদে দ্বিতীয় স্থানে আছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে আছেন সালমান খান। হৃতিক রোশন আছেন চতুর্থ স্থানে; তার সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি রুপি।

