বাংলাদেশে ফিরেছেন ডেভ হোয়াটমোর। প্রায় দুই দশক আগে বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়লেও দেশের ক্রিকেটে তাঁর অবদান এখনো স্মরণীয়। এবার অবশ্য পুরোনো ঠিকানায় ফিরেছেন মালয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে।
বাংলাদেশ সফরে এসে বেশ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান এই কোচ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াকে মালয়েশিয়া দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।
রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোয়াটমোর।
তিনি বলেন, ‘আমাদের আতিথেয়তা দেওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু অনুশীলন সেশনের সুযোগ করে দিয়ে তারা সত্যিই দারুণ কাজ করেছে। কারণ মাসের শেষ দিকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট রয়েছে।’
বিশ্ব ক্রিকেটে মালয়েশিয়া এখনো বড় শক্তি হয়ে উঠতে পারেনি। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২৫। এখনো কোনো টেস্ট খেলুড়ে দেশের মূল জাতীয় দলের বিপক্ষে খেলার সুযোগ হয়নি তাদের।
বাংলাদেশ সফরে এসে সেই অভাব কিছুটা পূরণ হচ্ছে। বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে মালয়েশিয়া।
প্রথম টি-টোয়েন্টিতে এইচপি দলের কাছে ৮৯ রানে হেরেছে মালয়েশিয়া। শুরুতে বল হাতে বাংলাদেশকে চাপে ফেললেও পরে ম্যাচে আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি তারা।
তবে হারকে নেতিবাচকভাবে দেখছেন না হোয়াটমোর। বরং এমন কঠিন পরীক্ষাই দলের উন্নতির জন্য প্রয়োজন বলে মনে করেন তিনি।
হোয়াটমোর,’আমাদের প্রত্যাশাই ছিল প্রতিপক্ষ শক্তিশালী হবে। তারা আমাদের ভালো পরীক্ষা নিচ্ছে, আর ঠিক এটাই আমরা চেয়েছি। আমরা হেরে যাচ্ছি। কিন্তু নিজেদের শেখার এবং অন্যান্য সহযোগী দেশের বিপক্ষে টুর্নামেন্টে আরও ভালো করতে হলে স্বস্তিদায়ক অবস্থান থেকে বেরিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। এই ধাক্কাটাই আমাদের প্রয়োজন ছিল।’
বাংলাদেশের এইচপি দলে অভিজ্ঞ ও পরীক্ষিত কয়েকজন ক্রিকেটার থাকায় তাদের বিপক্ষে খেলতে পেরে সন্তুষ্ট হোয়াটমোর।
প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে পুরোপুরি হতাশ নন মালয়েশিয়ার কোচ। বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে শিষ্যদের প্রশংসা করেছেন তিনি।
হোয়াটমোর বলেন, ‘আমার খুব বেশি প্রত্যাশা ছিল না, তবে অবশ্যই আরও ভালো করা উচিত ছিল। আমার মনে হয়, আমরা বেশ ভালো বোলিং ও ফিল্ডিং করেছি। সবগুলো ক্যাচ নিয়েছি এবং ১০ উইকেট পেয়েছি। কিন্তু ব্যাটিংয়ে ১০ উইকেটই হারিয়েছি এবং জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারিনি। আমরা এর চেয়েও ভালো দল, আমি সেটা জানি।’
বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও কথা বলেছেন হোয়াটমোর। বিশেষ করে নাহিদ রানাকে দলে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন,’আপনারা নাহিদ রানাকে মিস করছেন, তাই তো? নাহিদ দারুণ খেলোয়াড়। তবে ফিরতে হলে তাকে শতভাগ ফিট হতে হবে।’

