লালমনিরহাট ১৫ বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুড়িরহাট বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০১:২০ ঘটিকায় বুড়িরহাট বিওপির আওতাধীন তেতুল তলা (থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট) নামক স্থানে বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে ভারতীয় গাঁজা ৪ কেজি এবং নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ১৮০ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজা ৪ কেজি, যার সিজার মূল্য ১৪,০০০/- টাকা এবং নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ১৮০ বোতল, যার সিজার মূল্য ৭২,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৮৬ হাজার টাকা। এছাড়াও মাদক চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা চোরাচালান ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।