চলতি বছরের জানুয়ারিতে ইরানে তীব্র রূপ নেওয়া সরকারবিরোধী বিক্ষোভে জড়িত অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার ওই দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির বিচার বিভাগ পরিচালিত রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারির অভ্যুত্থান চেষ্টার সশস্ত্র নেতা জাভাদ জামানি এবং আবুলফজল সায়েদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এতে বলা হয়েছে, মুহারেবা (সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ) ও পৃথিবীতে ব্যাঘাত সৃষ্টির দুই গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মিজান অনলাইন বলছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শাসনব্যবস্থার মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি সম্পত্তি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন ওই দুই ব্যক্তি।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ব্যাপক আঞ্চলিক সংঘাত শুরু হয়। এর পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত কয়েদিদের মৃত্যুদণ্ড কার্যকর করার হার গত কয়েক সপ্তাহে ব্যাপক বৃদ্ধি করেছে ইরান।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই যুদ্ধ শুরুর আগের বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন। ওই বিক্ষোভকে ইরানি কর্তৃপক্ষ বিদেশি প্ররোচনায় দাঙ্গা হিসেবে আখ্যায়িত করেছিল।
আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, বিশ্বের অন্য যেকোনও দেশের তুলনায় চীনের পর ইরানেই দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সোমবার জাতিসংঘ বলেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরান অন্তত ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে; যাদের মধ্যে ১৮ জন বিক্ষোভকারী রয়েছেন।
সূত্র: এএফপি।

