দিনভর বৃষ্টির ফলে রাজধানীর অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির কারণে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার আশেপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছেন বাড়িফেরা যাত্রীরাও।
সোমবার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, মালিবাগ থেকে কমলাপুর যাওয়ার পথে অধিকাংশ যানবাহন ধীরগতিতে চলছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন, কথা হয় ভোগান্তি পেরিয়ে আসা এক যাত্রীর সঙ্গে। চট্টগ্রামগামী যাত্রী মো. মোরশেদ বলেন, আমার ট্রেন ছিল সাড়ে চারটায়। মিস যাতে না হয়, সেই জন্য আগেভাগেই রওনা দিয়েছি। কিন্তু বৃষ্টি ও রাস্তায় পানি জমে যাওয়ার কারণে আসতে হিমশিম খেতে হয়েছে। ভাবছিলাম ট্রেন আবার মিস করে ফেলি কিনা।
বৃষ্টির ভোগান্তি বাদে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অন্যান্য ভোগান্তি চোখে পড়েনি। প্রবেশপথে প্রত্যেক যাত্রী তাদের টিকিট প্রদর্শন করে নির্দিষ্ট ট্রেনে চড়ছেন। এছাড়া, যারা অনলাইন থেকে টিকিট কাটতে পারেননি, স্ট্যান্ডিং টিকিট কাউন্টারে তাদের ভিড়ও লক্ষ্য করা যায়।
কিশোরগঞ্জগামী যাত্রী রশিদুর রহমান বলেন, অনলাইন থেকে টিকিট কেটেছি। তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি, আশা করছি ঠিকভাবেই ফিরতে পারবো।
অপেক্ষারত আরেক যাত্রী আব্দুল বারেক বলেন, অনলাইনে টিকিট কাটতে পারিনি। পরে স্টেশন থেকে টিকিট কেটেছি। ট্রেনে টিকিট ছাড়া কাউকে উঠতে দিচ্ছে না।

