জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটিকে ‘রাজনৈতিক নাশকতা’ বলে মনে করছেন এই সংসদ সদস্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নুসরাত তাবাসসুম বলেন, বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি।
তিনি আরও বলেন, ওই বাড়িতে আমার পরিবারের কেউ বসবাস করেন না। বাড়ির কেয়ারটেকারের পরিবার সেখানে থাকত। এ ছাড়া বাড়ির ভেতরেই আমার একটি খামার ছিল।
রাতের ঘটনার বর্ণনা দিয়ে নুসরাতের বাবা আবদুল হালিম বলেন, আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারি। আগে আমরা ওই বাড়িতেই থাকতাম। এটি আমাদের পৈতৃক বাড়ি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।
বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম সাবান বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি বিকট শব্দ শোনার পর দেখি ঘরে আগুন লেগেছে। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে আমার পরিবারের সবকিছু পুড়ে গেছে। এখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতাম।
নুসরাতের খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন জানান, খামারে নয়টি বড় গরুসহ ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত টিনশেড বাড়িটির পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন পাশের ভবনটিতে ছড়িয়ে পড়েনি।
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এটি নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য। তার বাবা আবদুল হালিম স্থানীয় বাগোয়ান কেভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

