লালমনিরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে চারটি চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অটোরিকশা চুরি করে লালমনিরহাটসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
পুলিশ জানায়, চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

