তারকা জুটি প্রীতম হাসান আর শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর এখন টক অব দ্য টাউন। আর তা হবেই না বা কেন! ১০ বছরের এক লম্বা সময়ের সম্পর্ক, চার বছরের সংসার এখন ভেঙে চুরমার! তাদের ভক্তদের কানে এ খবর পৌঁছতেই বিষয়টি মেনে নিতে নারাজ। তাদের খুনসুটি, সুন্দর আবেগঘন মুহূর্তগুলো স্মরণ করছেন তার অনুরাগীরা। প্রশ্ন, এমন সুন্দর তারকা জুটিরও বিচ্ছেদ হতে পারে?
রোববার (৪ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের খবর জানান প্রীতম-শেহতাজ। সঙ্গে সঙ্গেই উত্তাল নেটদুনিয়া। তাদের মিষ্টি মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে স্মৃতিচারণ করছেন অনেকে। তবে এই তারকাজুটির দুজনের কারও প্রোফাইলেই এখন আর তাদের যুগলবন্দি মুহূর্তের দেখা মিলছে না। যেন একে অপরকে চিরতরেই মুছে ফেলেছেন তারা!
এমন সময়ে আলোচনায় তাদের পুরোনো এক সাক্ষাৎকার। যেখানে উঠে এসেছিল তাদের প্রেম ও পরিণয়ের গল্প।
২০১৭ সালে প্রকাশিত হয় প্রীতমের গান ‘জাদুকর’; এতে মডেল হয়েছিলেন শেহতাজ। সেখান থেকেই প্রেমের শুরু তাদের। বিষয়টি তখন গোপনই ছিল। তার বেশ কয়েক বছর পর তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ঘটেছিল পরিণয়।
প্রীতমের কাছে শেহতাজ ছিলেন একজন সরল-সোজা; মনের মতো কেউ একজন। সেই সাক্ষাৎকারে প্রীতম শেহতাজের সামনেই বলেছিলেন এ কথা। প্রীতম বলেন, ”আমরা যখন ‘জাদুকর’-এর শুটিং করি, দেখলাম শেহতাজ আসলে এমন একটা মেয়ে, খুব সরল ও সোজা। এটা ওর সামনেই প্রশংসা করি, আমার কোনো সমস্যা নেই, আমি সবসময় করি এটা। আসলেই ও খুবই সরল-সোজা এবং ওর মতো মেয়ে পাওয়াটা খুব কঠিন।”
এরপর প্রীতম বলেছিলেন, ‘আমি সরাসরি তখন ওকে বললাম (প্রেমের প্রস্তাব), তারপর ওর মাকেও বললাম। পরে তারা আমাকে গ্রহণ করলেন।’
এ সময় শেহতাজ বলেন, ‘ও অ্যাকচুয়ালি আমাকে কখনো (ভালোবাসার কথা) বলেনি। মানে যে টিপিক্যাল ওয়েতে, নাটক-সিনেমায় যেরকম দেখায়, ওরকমভাবে বলেনি। ও সরাসরি বলেছিল, আমাকে বিয়ে করতে চায়, এবং এরপর আমার মায়ের কাছে গিয়েও ব্যাপারটা জানায়। কারণ আমার জন্য রিলেশনশিপ অতটা সহজ ছিল না।’
এরপর ক্রমশ তাদের ঘনিষ্ঠতা বাড়ে, দুজনের বন্ধন গড়ে ওঠে বলে জানান প্রীতম-শেহতাজ।
প্রায় ৫ বছর প্রেম করার পর ২০২২ সালের অক্টোবরে দুই পরিবারের সম্মতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সব মিলিয়ে দশ বছরের এই সম্পর্ক এবার ভেঙেই গেল।

