ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আঙুলের ইনজুরির কারণে স্ক্যান করাতে জরুরি ভিত্তিতে ইংল্যান্ডে ফিরে গেছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। গত ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি সেভ করতে গিয়ে বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি।
চলতি মৌসুমে আরসিবির হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন ফিল সল্ট। ইনজুরিতে পড়ার আগে ৬ ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান সংগ্রহ করেছিলেন তিনি। সল্টের অনুপস্থিতিতে বিরাট কোহলির সঙ্গে ওপেনিংয়ে সুযোগ পাচ্ছেন আরেক ইংলিশ তরুণ জ্যাকব বেথেল। তবে ওপেনিংয়ে সুবিধা করতে পারছে না বেথেল। ৩ ইনিংসে করেছেন মাত্র ৩৯ রান।
ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকায় ইংল্যান্ড ম্যানেজমেন্টের অনুরোধেই সল্ট দেশে ফিরেছেন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে স্ক্যান করিয়েছেন। তবে আরসিবি কর্তৃপক্ষ এবং সল্ট উভয়ই আশাবাদী যে, চোট গুরুতর না হলে এই মাসের শেষ দিকে তিনি আবারও ভারতে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন।
আর যদি ইনজুরিটি দীর্ঘমেয়াদী হয়, তবে আইপিএলের নিয়ম অনুযায়ী আরসিবি তার বদলি খেলোয়াড় নিতে পারবে।
গুজরাট টাইটান্সের কাছে হারের পর আরসিবির খেলোয়াড়রা বর্তমানে কয়েক দিনের ছুটিতে মালদ্বীপে রয়েছেন। আগামী বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

