বাংলার লোকজ সুর যার কণ্ঠ ধরে পেয়েছিল অসামান্য জনপ্রিয়তা, যার বাঁশির সুরে ছলছল হয়েছিল হাজারো শ্রোতার চোখ, সেই নন্দিত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন আজ।
তবে দিনটিতে বিশেষ কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি। বরং তার স্মরণে অনুষ্ঠান হবে তিন দিন পর, অর্থাৎ ১৮ নভেম্বর। শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে স্মরণানুষ্ঠান। আয়োজনে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৫টা নাগাদ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের। উদ্বোধন করবেন সমাজসেবক ও সংগীতানুরাগী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান।
আয়োজকরা জানিয়েছেন, বারী সিদ্দিকী তার দরদভরা কণ্ঠ, অসাধারণ বাঁশিবাদন ও লোকসংগীতের স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তার সংগীতজীবন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এ অনুষ্ঠানে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা পর্বের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, পথিক নবী, নোলক বাবু, সালমা, বিউটিসহ দেশের জনপ্রিয় শিল্পী সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ফিরোজ হায়দার খান।
উল্লেখ্য, বারী সিদ্দিকীর জন্ম ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার এক সংগীত পরিবারে। পরিবারেই গানের হাতেখড়ি। পরে স্থানীয় ওস্তাদ গোপাল দত্তের কাছে দীক্ষা নেন। এরপর ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অনেক গুণী শিল্পীর সান্নিধ্য পেয়েছিলেন।
কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের উৎসাহে আনুষ্ঠানিকভাবে গানে আসেন বারী সিদ্দিকী। হুমায়ূনের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার ৭টি গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে ‘শুয়া চান পাখি’ গানটি দিয়ে পরিচিতি পান। পরে অনেক অডিও অ্যালবাম করেছেন, গেয়েছেন বেশ কিছু সিনেমায়। তার কণ্ঠে জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, ‘মনের দুঃখ মনে রইলো রে’, ‘পূবালী বাতাসে’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা’, ‘আমি একটা জিন্দা লাশ’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ইত্যাদি।
বছর দুয়েক কিডনি জটিলতায় ভোগার পর ২০১৭ সালের ২৪ নভেম্বর না ফেরার দেশে চলে যান বারী সিদ্দিকী।

