আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি
আগামী ১০ মাসের মধ্যে বিরল মৃত্তিকা খনিজ (রেয়ার আর্থ) উৎপাদনে চীনের সমপর্যায়ে পৌঁছাবে যুক্তরাষ্ট্র- এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে আন্তর্জাতিক ও সরকারি পরিসংখ্যান বলছে, এ খাতে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র এখনও অনেক পিছিয়ে। উৎপাদন থেকে শুরু করে খনিজ প্রক্রিয়াজাতকরণ- দুই ক্ষেত্রেই চীনের আধিপত্য রয়েছে।
মঙ্গলবার ফিলিপাইনে কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে আগে কখনও এত বেশি পরিমাণে বিরল মৃত্তিকা উৎপাদন হয়নি। তার ভাষায়, ‘আমরা ১০ মাসের মধ্যে চীনের সমপর্যায়ে পৌঁছে যাব। আমাদের যা কিছু প্রয়োজন, সবই ১০ মাসের মধ্যে থাকবে।’
ট্রাম্পের এ দাবির বিষয়ে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
চীন সাম্প্রতিক বছরগুলোতে বিরল মৃত্তিকা খনিজ রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করায় যুক্তরাষ্ট্রও নিজস্ব উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীন ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন বিরল মৃত্তিকা উৎপাদন করেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের উৎপাদন ছিল মাত্র ৫০ হাজার মেট্রিক টন। অর্থাৎ উৎপাদনে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে পাঁচ গুণের বেশি এগিয়ে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য বলছে, গত বছর বিশ্বের মোট খনন করা বিরল মৃত্তিকার ৬১ শতাংশ এসেছে চীন থেকে। শুধু খনন নয়, প্রক্রিয়াজাতকরণেও দেশটির নিয়ন্ত্রণ আরও বেশি। বিশ্বের মোট বিরল মৃত্তিকা প্রক্রিয়াজাতকরণের প্রায় ৯২ শতাংশই চীনের দখলে।
বিরল মৃত্তিকা খনিজ স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, বায়ুবিদ্যুৎ উৎপাদনের টারবাইন, সামরিক সরঞ্জামসহ আধুনিক প্রযুক্তির নানা ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফলে এসব খনিজের সরবরাহ ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের অন্যতম বিরোধপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।
গত বছর এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর বিরল মৃত্তিকা রফতানিতে আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করতে সম্মত হয়েছিল বেইজিং। চলতি সপ্তাহের শেষ দিকে দুই নেতার আবারও বৈঠকের কথা রয়েছে।

