৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। বাংলাদেশ ও ভারতে অবশ্য আগামীকালই মুক্তি পাবে ছবিটি। দর্শকের মনে তাই তুমুল উচ্ছ্বাস-উত্তেজনা।
এই সিনেমার গল্পটা শুরু হয়েছে এমন এক সময়ে, যখন পিটার পার্কারের পরিচয় (স্পাইডার-ম্যান চরিত্রে টম হল্যান্ড) সবাই ভুলে গেছে। এমনকি তার বন্ধু ও প্রেমিকাও তাকে আর চিনতে পারে না। সেখান থেকেই শুরু হয় পিটারের নতুন অধ্যায়, চেনা মানুষগুলোকে পুনরায় আপন করে নেয়ার মিশন।
কিন্তু সিনেমার মতো এমন ঘটনা যদি বাস্তবে ঘটে! যদি বাস্তবেও তারা একে-অপরকে ভুলে যান? কী হবে তখন? ইন্ডিয়া টুডে’র বিশেষ সাক্ষাৎকারে এমন প্রশ্নের বিপরীতে তারা দুজনেই বলেছেন, ভুলে যাওয়ার মতো বিষয় কল্পনাও করতে পারেন না তারা।
এ সময় উপস্থিত ছিলেন টম হল্যান্ড, জেন্ডায়া ও তাদের বন্ধু চরিত্রের অভিনেতা জ্যাকব ব্যাটালন। জেন্ডায়া বলেন, ‘তোমরা আমার জীবনের বিশের দশকের একটা বিশাল অংশ। হঠাৎ যদি তোমাদের ভুলে যাই, তাহলে আমার জীবনের প্রায় এক-তৃতীয়াংশই যেন মুছে যাবে।”
তার মতে, এটি শুধু বন্ধুদের স্মৃতি হারানোর বিষয় নয়; বরং সেই সময়টাও হারিয়ে যাবে, যা তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। জেন্ডায়া বলেন, ‘এমন ঘটলে আমার নিশ্চয়ই মনে হতো, জীবনের কোথাও একটা বড় শূন্যতা রয়েছে। তখন আমার জীবনটা কেমন হতো, সেটা কল্পনাও করতে পারি না।’
জ্যাকব ব্যাটালনও সঙ্গে সঙ্গেই জেন্ডায়ার কথায় সায় দেন। বলেন, ‘এটা একদম সত্যি। তখন তো আমি নিজেকেই জিজ্ঞেস করতাম—আমি তাহলে কে?’
অন্যদিকে টম হল্যান্ডের পক্ষেও সহ-অভিনেতা এবং জীবনসঙ্গীকে ভুলে যাওয়া কল্পনাতীত ব্যাপার। তিনি বলেন, ‘আমি অবশ্যই জ্যাকবকে মনে রাখতাম। কারণ ওর ব্যক্তিত্ব আর প্রাণচঞ্চলতা আমাকেও স্পর্শ করে। জ্যাকব একেবারেই অনন্য। আসলে তোমাদের দুজনের ক্ষেত্রে একই কথাই বলব। তোমাদের মনে না থাকার বিষয়টা কল্পনাই করা কঠিন।’
এই আবেগঘন মুহূর্ত বেশি দীর্ঘ হতে দেননি টম। ‘স্পাইডার-ম্যান’-এর একটি পরিচিত গানের প্রসঙ্গ টেনে মজা করে বলেন, “আমি শুধু তখন ‘স্পাইডার-ম্যান’-এর সেই গানটা চালিয়ে দিতাম, তারপর সব স্মৃতি একসঙ্গে ফিরে আসত।”
উল্লেখ্য, ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ ছবির মাধ্যমে পিটার পার্কার, এমজে ও নেড চরিত্রে প্রথম একসঙ্গে দর্শকদের সামনে আসেন এই তিন তারকা। পর্দার বাইরেও তাদের সহজ-স্বাভাবিক বন্ধুত্ব বরাবরই আলোচিত। সেই সম্পর্কের রেশ ধরে টম ও জেন্ডায়া বিয়েও করেছেন। এবার তাদের পর্দার গল্প নতুন প্রেক্ষাপটে এগোবে।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন জন বার্নথাল, মার্ক রাফালো, স্যাডি সিঙ্ক প্রমুখ।

