২৭ আগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। শুক্রবার দিন থেকে চলছে অনুশীলন। দিন পাঁচেক পেরিয়ে গেলেও এখনও মিডিয়া সেশন রাখেনি বাফুফে। সাম্প্রতিক সময়ে জাতীয় ফুটবল দলে ক্যাম্প শুরুর পর এত দিন মিডিয়ার থেকে দূরে রাখার ঘটনা ঘটেনি।
গোলরক্ষক মিতুল মারমা প্রথম দিকে ক্যাম্পে আসেননি পারিবারিক কারণে। যদিও এখন অনুশীলন করছেন। আবার আমেরিকা থেকে বাংলাদেশি প্রবাসী গোলরক্ষক সাইফ এসেছেন। এ সকল তথ্য বাফুফে আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় জানায়নি। নানা মাধ্যমে বেরিয়ে আসছে।
জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে নতুন মুখ যারা থাকেন প্রথম কিংবা দ্বিতীয় দিনেই তারা মিডিয়ার সামনে আসতেন। বাংলাদেশের ফুটবলে ছিল অলিখিত রীতি। স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এটা ব্যতিক্রম করেন। তিনি নতুন ফুটবলারদের একেবারে আড়াল করে রাখতেন। এবার ডুলির ক্যাম্পে কোনো ফুটবলার এমনকি কোচরাও আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে আসেননি। ফেডারেশন থেকে ছবি-ভিডিও সরবারহও কম করছে। এক পক্ষের দাবি, উজবেকিস্তানে অ-২০ টুর্নামেন্টে নজর রাখছেন ডুলি। তবে ঐ টুর্নামেন্ট মূলত দুই কোচের দ্বন্দ্বের জন্য আলোচনায়।
নতুন কোচ থমাস ডুলি মাত্রই কাজ শুরু করলেন। সান মারিনো সফরের সময় অল্প দিন সময় পেয়েছিলেন। আসিয়ান কাপের জন্য তিন সপ্তাহের বেশি অনুশীলন করাবেন ডুলি। ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপ শুরু। কোচ ডুলির চাওয়া সপ্তাহ খানেক আগেই ইন্দোনেশিয়া যাওয়া এবং প্রস্তুতি ম্যাচ খেলা। বাফুফে এ নিয়ে কাজ করলেও এখনো চূড়ান্ত করেত পারেনি।

