মো. আলামিন আসিফ, নিউ ইয়র্ক প্রতিনিধি:
জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর আঘা হানবে।
তিনি বলেন, আমরা তাদের কঠোরভাবে আঘাত করব। এর জবাব দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ছোড়া বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্রকে ‘গুরুত্বপূর্ণ কোনো স্থাপনায় আঘাত হানবে না’ বলে শনাক্ত করা হয়েছিল এবং সেটিকে আকাশসীমা দিয়ে যেতে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
এর আগে সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে বিস্ফোরক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, রোববার হরমুজ প্রণালির লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ওই হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথে সমুদ্র মাইন স্থাপনের চেষ্টা ঠেকানো।
এদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরান বৈঠক করতে চাইলেও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো এখন জোরালোভাবে কার্যকর হতে শুরু করেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি

